Molestation

অ্যাক্রোপলিসের পর এ বার জে ডব্লিউ ম্যারিয়টের ডিস্কোয় তরুণীকে হেনস্থার অভিযোগ, গ্রেফতার যুবক

এর পর রাফে তাঁকে শারীরিক ভাবে হেনস্থা করেন বলে অভিযোগ উঠেছে। তরুণীকে উদ্দেশ্য করে অশালীন ভাষা ব্যবহারের অভিযোগও রয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪৬

অ্যাক্রোপলিস মলের পর এ বার কলকাতার জে ডব্লিউ ম্যারিয়ট হোটেলের ডিস্কোয় তরুণীকে শারীরিক হেনস্থার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় মহম্মদ রাফে আজ়িম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, শনিবার গভীর রাতে বন্ধুদের সঙ্গে জে ডব্লিউ ম্যারিয়টের ডিস্কোয় গিয়েছিলেন ২০ বছর বয়সি ওই তরুণী। রাত ২টো নাগাদ সেখানে রাফে এবং তাঁর কয়েক জন সঙ্গী তরুণীর পথ আটকান বলে অভিযোগ। এর পর রাফে তাঁকে শারীরিক ভাবে হেনস্থা করেন বলে অভিযোগ উঠেছে। তরুণীকে উদ্দেশ্য করে অশালীন ভাষা ব্যবহারের অভিযোগও রয়েছে।

ঘটনার খবর পেয়ে প্রগতি ময়দান থানার পুলিশ হোটেলে পৌঁছয়। তবে পুলিশ যাওয়ার আগেই অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যান বলে জানা গিয়েছে। পরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তরুণী। সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ।

তদন্তে অভিযুক্তের পরিচয় জানার পর তাঁর খোঁজে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। রবিবার সকালে বেনিয়াপুকুর থানা এলাকায় রাফের বাড়িতে হানা দেন তদন্তকারীরা। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। ঘটনার সময় অভিযুক্তের সঙ্গে থাকা তাঁর বন্ধুদের ভূমিকা কী ছিল, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

এর আগে গত রবিবার কলকাতার অ্যাক্রোপলিস মলেও এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। স্বামী এবং বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে গিয়ে ওই মহিলা হেনস্থার শিকার হন বলে অভিযোগ। সেই ঘটনায় কসবা থানার পুলিশ ছ’জনকে গ্রেফতার করেছিল।


Share