Kolkata Metro

পালাবদল হতেই শুরু হতে চলেছে অরেঞ্জ লাইন সম্প্রসারণের কাজ, টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে বাইপাসের লেন! নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ

এই কয়েক দিন বিকল্প রাস্তার কথাও জানিয়েছে কলকাতা পুলিশ। নির্দেশিকা অনুযায়ী, ১৫ মে রাত ৮টা থেকে ১৮ মে সকাল ৮টা পর্যন্ত উত্তর দিকে অর্থাৎ সল্টলেক, বিমানবন্দরের দিকে যাওয়া গাড়িগুলি চিংড়িঘাটা ক্রসিংয়ের আগে বাইপাসের উপর থাকা এনএক্স হোটেল থেকে ঘুরে নতুন তৈরি একটি রাস্তা দিয়ে গন্তব্যের দিকে যাবে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ০৮:১২

রাজ্য ও কেন্দ্রের সংঘাতের জেরে দীর্ঘদিন কলকাতা মেট্রো 'অরেঞ্জ লাইনের' সম্প্রসারণের কাজ আটকে ছিল। সরকার বদল হতেই এই কাজ আবার শুরু হল। বাইপাসের চিংড়িঘাটা ক্রসিংয়ের কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের কাজের জন্য ৬০ ঘণ্টা বন্ধ থাকবে বাইপাসের লেন। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, ওই কাজের জন্য আলাদা ভাবে দু’ভাগে ইএম বাইপাসের চিংড়িঘাটা ক্রসিংয়ের দুই দিকের লেন টানা বন্ধ রাখা হবে। সেই সময়ে ওই লেন মেট্রোর কাজের জন্য ব্যবহার করা হবে।

কলকাতা পুলিশ সূত্রের খবর, ১৫ মে রাত ৮টা থেকে ১৮ মে সকাল ৮টা পর্যন্ত ইএম বাইপাসের চিংড়িঘাটা ক্রসিংয়ের পশ্চিম দিকের লেন বন্ধ থাকবে। পাশাপাশি, ২২ মে রাত ৮টা থেকে ২৫ মে সকাল ৮টা পর্যন্ত ইএম বাইপাসের চিংড়িঘাটা ক্রসিংয়ের পূর্ব দিকের লেন বন্ধ থাকবে।

এই কয়েক দিন বিকল্প রাস্তার কথাও জানিয়েছে কলকাতা পুলিশ। নির্দেশিকা অনুযায়ী, ১৫ মে রাত ৮টা থেকে ১৮ মে সকাল ৮টা পর্যন্ত উত্তর দিকে অর্থাৎ সল্টলেক, বিমানবন্দরের দিকে যাওয়া গাড়িগুলি চিংড়িঘাটা ক্রসিংয়ের আগে বাইপাসের উপর থাকা এনএক্স হোটেল থেকে ঘুরে নতুন তৈরি একটি রাস্তা দিয়ে গন্তব্যের দিকে যাবে। চিংড়িঘাটা উড়ালপুল যাঁরা নিতে চান, তাঁরা নতুন তৈরি ডাইভার্সন নেবেন, চিংড়িঘাটা ক্রসিংয়ের দিকে যাওয়ার জন্য। এই সময়ে দক্ষিণ দিকে আসা গাড়িগুলি স্বাভাবিক ভাবেই আসবে। সল্টলেক ও নিউটাউনের দিক থেকে ইএম বাইপাসে যে গাড়িগুলি আসবে, তারা আগের মতোই আসবে।

২২ মে রাত ৮টা থেকে ২৫ মে সকাল ৮টা পর্যন্ত উত্তর দিকে অর্থাৎ সল্টলেক, বিমানবন্দরের দিকে যাওয়া গাড়িগুলি চিংড়িঘাটা ক্রসিংয়ের আগে বাইপাসের উপর থাকা এনএক্স হোটেল থেকে ডাইভার্ট হয়ে নতুন তৈরি একটি রাস্তা দিয়ে গন্তব্যের দিকে যাবে। সল্টলেকে যাওয়ার জন্য চিংড়িঘাটা উড়ালপুল যাঁরা নিতে চান, তাঁরা নতুন তৈরি ডাউভার্সন লেনে ঢুকবেন। সেখান থেকে চিংড়িঘাটা ক্রসিংয়ের দিকে যাওয় যাবে।

দক্ষিণ দিকে আসা গাড়িগুলি চিংড়িঘাটা ক্রসিং থেকে ঘুরপথে করে অন্য দিকের লেনে যাবে। তারপরে একটি কাটআউট পেরিয়ে আবার স্বাভাবিক রুটে ফিরে আসবে। সল্টলেক, নিউটাউনের দিক থেকে আসা গাড়িগুলি চিংড়িঘাটা ক্রসিং থেকে বাঁ দিকে ঘুরতে পারবে। কিন্তু ডান দিকে ঘোরা বন্ধ থাকবে। ওই গাড়িগুলিকে মেট্রোপলিটন থেকে ইউ-টার্ন নিয়ে ডাইভার্ট করা রাস্তা ধরে গন্তব্যে যেতে হবে। দক্ষিণ দিকে যাওয়া পণ্যবাহী গাড়িগুলি হাডকো ক্রসিং, কাঁকুড়গাছি ক্রসিং থেকে চিংড়িঘাটার দিকে যেতে দেওয়া হবে না।


Share