Kolkata Municipal Corporation

কে বসবে কলকাতা মেয়রের আসনে! শাসক-বিরোধী হট্টগোল দিয়ে শেষ হল পুরসভার বাজেট অধিবেশন

৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর বলেন, "মরার সময় হরির নাম নিচ্ছেন মেয়র ফিরহাদ হাকিম। শেষ বয়সে মানুষ কখনও মিথ্যা কথা বলতে চায় না। মহানগরীকের অবস্থাও ঠিক তাই হয়েছে। ওঁ মুখ ফসকে সত্যি কথা বলে ফেলেছেন।”

পুরসভার বাজেট অধিবেশনের শেষ দিনে তুমুল হট্টগোল।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৯

ভবিষ্যতে কলকাতা পুরসভার মেয়রের আসনে কে বসবেন, তা নিয়ে বাজেট অধিবেশনে বাধল তুমুল হট্টগোল। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, তিনি অতীতে বিরোধীদের আসনে বসেছিলেন। তা নিয়ে বিজেপি কাউন্সিলরের পাল্টা দাবি, এমনটা বলে মেয়র ফিরহাদ হাকিম ‘ভবিষ্যৎ’ চিহ্নিত করে দিলেন। বিজেপি কোনও দিনও ক্ষমতায় আসবে না বলে পাল্টা বলেন ফিরহাদ হাকিম।

মঙ্গলবার কলকাতা পুরসভার বাজেটের অধিবেশনের শেষ দিন। এ দিন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বাজেট সম্পর্কে বক্তব্য রাখছিলেন। বক্তব্যে উঠে আসে কিছুদিন আগের এনসিআরবি-র রিপোর্টের কথা। মেয়র জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর দফতর স্বীকার করে নিয়েছে, কলকাতা ভারতবর্ষের মধ্যে সবথেকে নিরাপদ শহর। এই কথা স্বীকার করতে সম্মত হয়নি বিজেপির কাউন্সিলরেরা। সেই সময় বিজেপি এবং তৃণমূল কাউন্সিলরদের হই হট্টগোল শুরু হয়।

এর পরেই নিজের পুরনো দিন সম্পর্কে বলতে থাকেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানান, এর আগে তিনি বিরোধী হিসেবে এই পুরসভায় আসতেন। তাঁর কথায়, ঠিক বিজেপি কাউন্সিলর সজল ঘোষ যে আসনে বসে আছেন সেখানেই তিনি নাকি আগে বসতেন। এর পরেই ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সজল ঘোষের কটাক্ষ করা শুরু করেন। 

সজল বলেন, "তার মানে আপনি বলতে চাইছেন এখন যেখানে আপনি আছেন সেখানে আমি যাব।" এই কথাতেই পাল্টা আক্রমণ শানান মেয়র। দু'পক্ষের মধ্যে বচসা চলতে থাকে। ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলরকে উদ্দেশ্য করে তিনি বলেন, "তুমি কোনও দিনও এই জায়গায় আসতে পারবে না। কারণ তুমি তোমার সংস্কৃতি পাল্টে ফেলেছ।" যদিও পরে বিজেপি কাউন্সিরের দাবি, "মেয়র বলেছেন আমি নাকি ওনার জায়গায় যাব।" প্রতিবাদ করে বিজেপি কাউন্সিল আরও জানান, “আমি নিজের সংস্কৃতি পাল্টে ফেলেনি। আগের দলটাই নিজেদের জায়গা পাল্টে ফেলেছে। এর আগে বিজেপির সঙ্গে তৃণমূল জোটে ছিল। এখন তা অস্বীকার করছে।” দু'পক্ষের মধ্যে তুমুল বচসার মধ্য দিয়ে শেষ হয় পুরসভার এই বছরের বাজেট অধিবেশন।

এর পর সাংবাদিক সম্মেলনে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানান, "ওঁ কোনও দিনও এই জায়গায় আসতে পারবে না। কারণ ওই দলটা কোনও দিনও ক্ষমতাতেই আসবে না। কংগ্রেস থেকে বেরিয়ে তৃণমূল যখন তৈরি হয়েছিল তখন ইউপিএর সঙ্গে আমরা কিছু দিনের জন্য জোট করেছিলাম। শুধুমাত্র বামপন্থীদের হারানোর জন্য।”

ঘটনায় ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর বলেন, "মরার সময় হরির নাম নিচ্ছেন মেয়র ফিরহাদ হাকিম। শেষ বয়সে মানুষ কখনও মিথ্যা কথা বলতে চায় না। মহানগরীকের অবস্থাও ঠিক তাই হয়েছে। ওঁ মুখ ফসকে সত্যি কথা বলে ফেলেছেন।”


Share