West Bengal Tourism

পর্যটন ব‍্যবস্থাকে মসৃণ করতে প্রযুক্তির ব্যবহার করবে রাজ্য সরকার, নতুন অ‍্যাপ চালু করার ঘোষণা পর্যটনমন্ত্রী শঙ্করের

মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন রাজ‍্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। তাঁর বক্তব্য, পূর্বতন সরকারগুলির আমলে থেকে এই দফতর অবহেলিত রয়ে গিয়েছে।

দফতরে সাংবাদিক বৈঠক করছেন মন্ত্রী শঙ্কর ঘোষ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৮ আগস্ট ২০২৬ ০৫:০৬

রাজ‍্য জুড়ে পর্যটন ব‍্যবস্থাকে মসৃণ এবং তথ‍্য নির্ভর করতে প্রযুক্তির ব‍্যবহারের কথা ঘোষণা করলেন পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। তথ‍্য নির্ভর একটি অ‍্যাপ চালু করার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন রাজ‍্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। তাঁর বক্তব্য, পূর্বতন সরকারগুলির আমলে থেকে এই দফতর অবহেলিত রয়ে গিয়েছে। দাবি, রাজ‍্যে বিজেপি সরকার গঠন করতেই বিগত ১০০ দিনে এই দফতর একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।

বিজেপি সরকার গঠন করেছে তার ১০০ দিন পূর্ণ হয়েছে। কোন দফতর কী কাজ করেছে তা নিয়ে খতিয়ান দেওয়া হচ্ছে। মঙ্গলবার পর্যটন দফতরে রাজ‍্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ একটি সাংবাদিক বৈঠক করেন। সেখান থেকেই একটি অ‍্যাপ চালু করার কথা জানান। মন্ত্রী শঙ্কর ঘোষ জানিয়েছেন, ওই অ‍্যাপের মধ্যে রাজ‍্যের সমস্ত হোম-স্টেগুলির তথ‍্য পাওয়া যাবে। তা থেকে বুকিং করা যাবে। টুর ওপারেটর যাঁরা আছেন, তাঁদেরকে ওই অ‍্যাপে রেজিস্ট্রেশন করাতে হবে। পর্যটন সংক্রান্ত বাস, গাড়ির রেজিস্ট্রেশন সেখানে করা যেতে পারে। এর পাশাপাশি, ওয়েবসাইটের মাধ্যমেও এই রেজিস্ট্রেশন করা যাবে।

সিপিএম এবং তৃণমূলের নাম উল্লেখ না করে পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, “আগের সরকার কেনও প্রযুক্তি ব্যবহার করেনি। ইচ্ছে থাকলেই কাজ হয়। এই দফতরে এত কাজ আছে তা মন্ত্রী হওয়ার পরে জানতে পারলাম।” তিনি জানান, এই অ‍্যাপ তৈরির টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই ১৭টি আবেদন জমা পড়েছে। ভিনরাজ‍্যের প্রযুক্তি সংস্থা এই টেন্ডার প্রক্রিয়াতে অংশ নিয়েছে। তাঁর দাবি, বছরে ১ হাজার কোটি টাকা যে সংস্থার লেনদেন আছে এমন সংস্থাও এই অ‍্যাপ তৈরি করতে উদ্যোগী হয়েছেন। রাজ‍্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই পথ খুলে দিয়েছেন বলেও জানান শঙ্কর।

কী ভাবে এই অ‍্যাপ কাজ করবে, টুর ওপাপেটরদের কী কী নথি দিয়ে তাতে রেজিস্ট্রেশন করতে হবে, তাতে কী বিশেষ সুবিধা পাওয়া যাবে তা নিয়ে কিছুই জানানো হয়নি। সূত্রের খবর, এই প্রক্রিয়া সবে প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাই এখনই তা নিয়ে বিস্তারিত বলা সম্ভব নয়। তবে এই অ‍্যাপ চালু হলে পর্যটকদের সুবিধা হবে বলেই মনে করছে দফতরের কর্তারা।

রাজ্যের মন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, “বিরোধী দলের বিধায়ক হিসেবে তৎকালীন সরকারের দূর্বলতাকে তুলে ধরার চেষ্টা করেছি। এই দফতর অবহেলিত ছিল। ১০০ দিনে আমরা অনেক সিদ্ধান্ত নিয়েছি। অর্থনিতির ভঙ্গুর অবস্থা। এতে পর্যটন দফতরের ভুমিকা রয়েছে। তাই এই দফতরককে তুলে ধরাই সরকারের লক্ষ্য।”

হোম স্টে গুলিতে পুনর্নবীকরণ করা হবে বলে জানান শঙ্কর ঘোষ। বাগানের পুরোনো বাংলোগুলিকে হোম স্টে হিসেবে ব‍্যবহার করার চিন্তাভাবনা করা হচ্ছে। সুন্দরবন, উত্তরবঙ্গের একাধিক জায়গায় স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলা হয়েছে। দীঘা, হুগলির, নবদ্বীপের জন‍্য সেখানকার স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক হবে বলেও জানিয়েছেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ।


Share