Governor Resigned

বিধানসভা নির্বাচনের মুখে পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস, অ‍ব‍্যাহতি চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে দিলেন চিঠি

গত পঞ্চায়েত নির্বাচনের আগে তিনি পশ্চিমবঙ্গের রাজ‍্যপাল হিসেবে দায়িত্ব নিয়েছেন। মাত্র তিন বছর হয়েছে তিনি এই দায়িত্ব সামলাচ্ছেন। রাজ‍্যে নির্বাচনেত্তোর হিংসা, মুর্শিদাবাদের অশান্তি দুর্নীতি প্রসঙ্গে একাধিক বার সরব হয়েছিলেন সিভি আনন্দ বোস।

পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ০৮:০৯

বিধানসভা নির্বাচনের আগে পদত‍্যাগ করলেন পশ্চিমবঙ্গের রাজ‍্যপাল সিভি আনন্দ বোস। রজ‍্যপালের পদ থেকে অব‍্যাহতি চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দিয়েছেন বলে জানা গিয়েছে। লোকভাবন সূত্রের খবর, বর্তমানে রাজ‍্যপাল সিভি আনন্দ বোস দিল্লিতে রয়েছেন। সেখান থেকেই তিনি ইমেল মারফত স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি পাঠিয়েছেন। কী কারণে তিনি ইস্তফা দিয়েছেন তা এখনও স্পষ্ট নয়।

গত পঞ্চায়েত নির্বাচনের আগে তিনি পশ্চিমবঙ্গের রাজ‍্যপাল হিসেবে দায়িত্ব নিয়েছেন। মাত্র তিন বছর হয়েছে তিনি এই দায়িত্ব সামলাচ্ছেন। কিছু দিন আগেই রাজভবনের নাম বদল করে লোকভবন করেছিলেন। রাজ‍্যে নির্বাচনোত্তোর হিংসা, মুর্শিদাবাদের অশান্তি, দুর্নীতি প্রসঙ্গে একাধিক বার সরব হয়েছিলেন সিভি আনন্দ বোস। তাঁকে জোর করে পদত‍্যাগ করানো হয়েছে নাকি তিনি সেচ্ছায় পদত্যাগ করেছেন, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

একাধিক বার রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়েছিলেন সিভি আনন্দ বোস। আরজি কর মেডিকেলে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার পরে বিধানসভায় অপরাজিতা বিল নিয়ে এসেছিল রাজ্য সরকার। তৃণমূল আভিযোগ করে, তাতে রাজ‍্যপাল সাক্ষর না করায় তা আইনে পরিণত করা যায়নি। এ ছাড়াও, সিভি আনন্দ বোসের বিরুদ্ধে অস্থায়ী মহিলা কর্মীকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। সেই জল গড়ায় কলকাতা হাই কোর্ট পর্যন্ত।

রাজ্যে নির্বাচনের পরে হিংসার ঘটনায় একাধিক বার সরব হয়েছেন। মুর্শিদাবাদের হিংসার ঘটনার পরে ছুটে গিয়েছিলেন তিনি। তবে বিজেপিও তাঁর বিরুদ্ধে নিস্ক্রিয়তার অভিযোগ তোলে। একাধিক ইস‍্যুতে রাজ্যপালের সঙ্গে সাক্ষাতও করেন।


Share