RG Kar Case

সরকারি উদ‍্যোগে আরজি করের নির্যাতিতাকে স্মরণ, সমস্ত স্বাস্থ্যকেন্দ্রে হবে নিরাবতা পালন, পানিহাটি যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

পানিহাটিতে নিহত তরুণীকে স্মরণ করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গিয়েছে, সোদপুরের লোকসংস্কৃতি ভবনে নির্যাতিতার নামে তৈরি করা ট্রাস্ট একটি স্মরণসভার আয়োজন করেছে। সেই অনুষ্ঠানে নিহতের পরিবারের সদস্যেরা উপস্থিত থাকবেন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা।, কলকাতা
  • শেষ আপডেট: ০৮ আগস্ট ২০২৬ ১০:০৮

আগামীকাল সরকারি উদ্যোগে আরজি করে নিহত নির্যাতিতা তরুনীকে স্মরণ করা হবে। রাজ‍্যের সমস্ত স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতালে দু’মিনিট নিরাবতা পালন করা হবে। তার আগে নির্যাতিতা তরুনীকে প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে। গোটা কর্মসূচিটাই আয়োজন করছে রাজ্য সরকার।

শনিবার সন্ধ্যায় স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠকের পরেই আরজি করে নির্যাতিতা তরুনীকে স্মরণ করতে রাজ‍্য সরকার কী কী উদ্যোগ নিয়েছে তা জানান। তিনি ঘোষণা করেন, সকাল ১১টায় নিরাবতা পালন করা হবে। রাজ‍্যের সমস্ত স্বাস্থ্যকেন্দ্র এবং হাসপাতালে এই কর্মসূচি হবে। তার আগে কর্মী এবং চিকিৎসকেরা নিহত তরুণীকে প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধা জানাবেন।

নির্যাতিতা তরুনীর মা রত্না দেবনাথ পানিহাটির বিজেপি বিধায়ক। সেখানেও নিহত তরুণীকে স্মরণ করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গিয়েছে, সোদপুরের লোকসংস্কৃতি ভবনে নির্যাতিতার নামে তৈরি করা ট্রাস্ট একটি স্মরণসভার আয়োজন করেছে। সেই অনুষ্ঠানে নিহতের পরিবারের সদস্যেরা উপস্থিত থাকবেন। সেই অনুষ্ঠানে যাওয়ার কথা রয়েছে রাজ‍্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সেই ট্রাস্ট ভবিষ্যতে কী কাজ করবে তা আগামীকাল স্পষ্ট হয়ে যেতে পারে মনে করা হচ্ছে। 

২০২৪ সালের ৮ অগস্ট রাতে আরজি কর মেডিকেলে চেস্ট মেডিসিন বিভাগের এক তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। ৯ অগস্ট ঘটনাটি জনসমক্ষে আসে। সেই ঘটনায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন রাজ‍্যবাসী। রাজ‍্যের দিকে দিকে এই ঘটনার প্রতিবাদ জানানো হয়। রাজ‍্যবাসী রাজনৈতিক রং ভুলে রাস্তায় নেমে প্রতিবাদ করেন। তবে সেই সময় রাজ‍্যে বিরোধী ভূমিকায় ছিল বিজেপি। বিজেপির নির্বাচনী প্রচারেও এই ঘটনাকে সামনেই রাখা হয়েছিল। 

রাজ‍্যের বিরোধী দলনেতা হিসেবে এই বারবার তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছিলেন শুভেন্দু অধিকারী। মমতার পদত্যাগের দাবিতে শ‍্যামবাজারে ধর্নায়এ বসেছিলেন শুভেন্দু। পাশাপাশি এই আচমকা ওই আন্দোলন বন্ধ হয়ে যাওয়ায় কমিউনিস্টদেরও আক্রমণ করেছিলেন। তাঁরাই যে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচিয়ে দিয়েছিলেন তা নিয়েও একাধিক বক্তব্য তিনি রেখেছেন। তাঁদের তৃণমূলের ‘বি-টিম’ বলেছিলেন। তিনি এখন রাজ্যের মুখ্যমন্ত্রী। ক্ষমতায় আসতেই সরকারি উদ্যোগে এমন ঘটনাকে স্মরণ করায় খুশি রাজ‍্যবাসী।


Share