Suvendu Adhikari

‘বাংলার বাড়ি’র নতুন নাম ‘পশ্চিমবঙ্গ আবাস’, রং-ধর্ম নয়, যোগ্যরাই পাবেন বাড়ি, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

এ বার সরকার পরিবর্তনের পর সেই প্রকল্পের নাম ফের বদলানো হয়েছে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার ‘বাংলার বাড়ি’ প্রকল্পের নতুন নাম দিয়েছে ‘পশ্চিমবঙ্গ আবাস’।

'পশ্চিমবঙ্গ আবাস' যোজনার দ্বিতীয় কিস্তির টাকা প্রদানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৬ আগস্ট ২০২৬ ১০:১০

কেন্দ্রীয় সরকারের আবাসন প্রকল্পের নাম ছিল ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রকল্পটির নাম পরিবর্তন করে ‘বাংলার বাড়ি’ রাখে। এ বার সরকার পরিবর্তনের পর সেই প্রকল্পের নাম ফের বদলানো হয়েছে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার ‘বাংলার বাড়ি’ প্রকল্পের নতুন নাম দিয়েছে ‘পশ্চিমবঙ্গ আবাস’।

বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি জানান, ‘পশ্চিমবঙ্গ আবাস’ প্রকল্পের দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা বৃহস্পতিবার থেকেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে। প্রায় ১৮ লক্ষ উপভোক্তা এই অর্থ পাবেন। মন্ত্রী দাবি করেন, আগের সরকারের তৈরি ৩০ লক্ষ উপভোক্তার তালিকার মধ্যে প্রায় সাড়ে ১২ লক্ষ আবেদনকারী যাচাইয়ে অযোগ্য বলে চিহ্নিত হয়েছেন। এ দিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘‘যোগ্যরা সবাই সুবিধা পাবে এই প্রকল্পের। উপভোক্তাদের রং দেখব না, ধর্ম দেখব না।” সরকারের পক্ষ থেকে দ্বিতীয় কিস্তির অর্থ বিতরণ শুরু হওয়ায় উপভোক্তাদের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। তাঁদের আশা, এই অর্থে দীর্ঘদিন ধরে অসমাপ্ত পড়ে থাকা বাড়ির নির্মাণকাজ সম্পূর্ণ করা সম্ভব হবে।

কেন্দ্র-রাজ্য যৌথ উদ্যোগে পরিচালিত আবাসন প্রকল্প ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’কে ঘিরে অতীতে রাজ্যে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে অভিযোগ উঠেছিল, প্রকল্পের জন্য কেন্দ্রীয় বরাদ্দ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, প্রয়োজনীয় অর্থ রাজ্য সরকারই বহন করবে। এরপর উপভোক্তাদের তালিকা প্রস্তুত করা হয় এবং প্রতিটি বাড়ি নির্মাণের জন্য এক লক্ষ ২০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম কিস্তির অর্থও উপভোক্তাদের একাংশের অ্যাকাউন্টে পৌঁছে যায়। পরবর্তীতে রাজ্যে সরকার পরিবর্তনের পর বিজেপি ক্ষমতায় আসে। নতুন সরকার আবাসন প্রকল্পের বাকি কিস্তির অর্থ বিতরণের প্রক্রিয়া শুরু করেছে। সরকারের দাবি, উপভোক্তাদের কাছে দ্রুত অনুদান পৌঁছে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার নবান্ন সভাঘরে সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারী জানালেন,  ‘‘এতদিন তৃণমূল সরকারের আপত্তি ছিল মোদীজির প্রকল্পের নাম নিয়ে। গোটা দেশে যে প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন দরিদ্র মানুষজন, সেটা এখানে চলত না এতদিন। আমাদের স্পষ্ট কথা, এখন থেকে গোটা দেশের মতোই পশ্চিমবঙ্গেও কাজ হবে। ‘বাংলার বাড়ি’ নামটা আমরা বদলে ‘পশ্চিমবঙ্গ আবাস’ রাখছি। আজ দ্বিতীয় কিস্তি বাবদ ৬০ হাজার টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে আমরা দিয়ে দিচ্ছি। তৃণমূলের জমানায় এই তালিকায় বহু ‘অযোগ্য’র নাম রয়েছে। সেসব চিহ্নিত করে বাদ দিয়ে আমরা দ্বিতীয় কিস্তির টাকা দিচ্ছি।”


Share