Pay Commission

বাজেটে ঘোষণা, কিন্তু এখনও নেই সরকারি বিজ্ঞপ্তি! সপ্তম বেতন কমিশন নিয়ে অনিশ্চয়তায় রাজ্য সরকারি কর্মচারীরা, নবান্নে দ্রুত নোটিফিকেশনের দাবিতে শিক্ষক সংগঠন

যদিও সরকার বিষয়টি নিয়ে যথেষ্ট গুরুত্বের সঙ্গে ঘোষণা করেছিল, তবু এখনও পর্যন্ত এ সংক্রান্ত কোনও সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।

রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৬ ০২:১৫

রাজ্য বাজেটে ঘোষণা হলেও পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন গঠনের বিষয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি বিজ্ঞপ্তি জারি হয়নি। ফলে কর্মচারীদের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা ও বিভ্রান্তি। এই পরিস্থিতিতে দ্রুত সরকারি আদেশ বা নোটিফিকেশন প্রকাশের দাবিতে নবান্নের দ্বারস্থ হয়েছে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতি।

সংগঠনের রাজ্য কমিটির পক্ষ থেকে স্বপন মণ্ডল রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, চলতি বছরের বাজেট পেশের সময় রাজ্য সরকার ঘোষণা করেছিল যে, সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন গঠন করা হবে এবং তার সুপারিশ ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে কার্যকর করা হবে। যদিও সরকার বিষয়টি নিয়ে যথেষ্ট গুরুত্বের সঙ্গে ঘোষণা করেছিল, তবু এখনও পর্যন্ত এ সংক্রান্ত কোনও সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।

সরকারি শিক্ষক ও কর্মচারীদের দাবি, দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা চলতে থাকায় তাঁদের মধ্যে ব্যাপক বিভ্রান্তির পরিবেশ তৈরি হয়েছে। শিক্ষক সংগঠনের অভিযোগ, আদৌ নতুন বেতন কমিশন গঠিত হয়েছে কি না, সে বিষয়েই এখনও কোনও সরকারি স্পষ্টতা নেই। শুধু তাই নয়, প্রস্তাবিত কমিশনের চেয়ারম্যান কে, কারা সদস্য সেই সম্পর্কেও কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। এই পরিস্থিতিতে কর্মচারীদের মধ্যে তৈরি হওয়া ধোঁয়াশা দূর করতে অবিলম্বে অর্থ দফতরকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার আর্জি জানিয়েছে শিক্ষক সংগঠন। তাদের দাবি, দ্রুত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে কর্মচারীরা নির্ধারিত সময়ের মধ্যেই নিজেদের দাবিদাওয়া সংবলিত স্মারকলিপি কমিশনের কাছে জমা দেওয়ার সুযোগ পাবেন।

শিক্ষক ও শিক্ষা কর্মচারীদের সংগঠনের আশা, রাজ্য সরকার তাদের এই ন্যায্য ও জরুরি দাবিটি সহানুভূতির সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং তৈরি হওয়া বিভ্রান্তির অবসান ঘটাবে। উল্লেখ্য, বকেয়া ডিএ প্রদান এবং সপ্তম পে কমিশনের সুপারিশ কার্যকর করা রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি। মুখ্যমন্ত্রী শুভেন্দু সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটেও এই দুই বিষয় গুরুত্ব পেয়েছে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত প্রতিশ্রুতি দেন, সরকার পর্যায়ক্রমে এই দুই দাবিই বাস্তবায়নের উদ্যোগ নেবে।


Share