Food Safety Raid

সমাজমাধ্যমে ভাইরাল রাজুদার পকেট পরোটা! শনিবার সাতসকালে দোকানে অভিযান খাদ্য সুরক্ষা দফতরের, ফুড লাইসেন্স না থাকায় বন্ধ হবে দোকান?

খাওয়ারের গুণমান পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় থাকছে কি না এই সমস্ত বিষয় খুঁটিয়ে দেখেন সুরক্ষা দফতরের আধিকারিকেরা।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ ১২:০৫

ফের কলকাতা শহরে খাদ্য সুরক্ষা দফতরের অভিযান। এ বার সেই অভিযান সমাজমাধ্যমে ভাইরাল রাজুদার পকেট পরোটার দোকানে। শনিবার সাতসকালে এনআরএস হাসপাতাল সংলগ্ন এলাকার ওই দোকানে খাদ্য সুরক্ষা দফতর অভিযান চালায়। খাওয়ারের গুণমান পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় থাকছে কি না এই সমস্ত বিষয় খুঁটিয়ে দেখেন সুরক্ষা দফতরের আধিকারিকেরা।

সূত্র মারফত খবর, সমাজমাধ্যমে ভাইরাল হওয়া পকেট পরোটা রাজুদার দোকানের ফুড লাইসেন্স নেই। তাহলে কি এ বার বন্ধ হয়ে যাবে রাজুদার পকেট পরোটার দোকান। এই আশঙ্কার উত্তরে খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকেরা জানিয়েছেন, খাওয়ারের নমুনা সংগ্রহ করা হয়েছে। খাওয়ারের গুণগত মান জানার জন্যে সেগুলির ল্যাবরেটরি টেস্টিং করা হবে। তার রিপোর্ট পাওয়ার পরেই জানা যাবে খাওয়ারের গুণমান ঠিক রয়েছে কি না। তা জানার পরে পরবর্তী পদক্ষেপ করা হবে।

এ দিন শুধু রাজুদার পকেট পরোটার দোকানেই নয়, শিয়ালদহ স্টেশন সংলগ্ন একাধিক খাবারের দোকানেও অভিযান চালান খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকেরা। দোকানগুলিতে বিক্রি হওয়া খাবারের গুণগত মান খতিয়ে দেখার পাশাপাশি বিভিন্ন খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। অভিযোগ, একাধিক দোকানে অস্বাস্থ্যকর ও পচা খাবার বিক্রি করা হচ্ছিল। অভিযানে বেশ কিছু খাবারের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন আধিকারিকরা। সেই কারণে একাধিক দোকান থেকে শিঙাড়া, কচুরির ডাল, তরকারি, পচা চিকেন এবং মাছের ডিম বাজেয়াপ্ত করে ফেলে দেওয়া হয়। খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকদের দাবি, গুণগত মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি ওই খাওয়ারগুলি। তাই জনস্বাস্থ্যের কথা মাথায় রেখেই সেগুলি নষ্ট করে দেওয়া হয়েছে।

শিয়ালদহ স্টেশন সংলগ্ন এলাকার খাওয়ারের দোকানগুলিতে প্রতিদিন হাজার হাজার মানুষ খাওয়াদাওয়া করেন। ফলে খাবারের গুণগত মান নিয়ে কোনও রকম আপস করা যাবে না বলেই স্পষ্ট বার্তা দিয়েছেন খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকেরা। দোকানদারদের খাওয়ারের মান ও পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশও দেওয়া হয়েছে। ভবিষ্যতে যাতে এমন অভিযোগ না ওঠে, সে বিষয়েও সতর্ক করা হয়েছে তাঁদের।


Share