Vidyasagar Setu

রবিবার ফের ১৬ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু, কোন পথে চলবে গাড়ি?

সংস্কারের কাজের জন্য আগামী রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত—টানা ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। মূলত কেবল বদলানোর কাজ চলায় প্রতি রবিবারের মতো এবারও ভোগান্তির আশঙ্কা যাত্রীদের।

বিদ্যাসাগর সেতু
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৬ ০৩:০৬

কলকাতার ব্যস্ততম সেতু বিদ্যাসাগর সেতু। তবে রবিবার ১৬ ঘন্টার জন্য বন্ধ থাকবে ব্যস্ততা। অর্থাৎ সংস্কারের কাজের জন্য আগামী রবিবার ফের একবার সম্পূর্ণ বন্ধ রাখা হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু। ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত—টানা ১৬ ঘণ্টা এই সেতুতে সমস্ত রকমের যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা ইতিমধ্যেই এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছেন। বিকল্প কোন পথে গাড়ি চলবে তাও জানানো হয়েছে।

সেতু বন্ধ থাকাকালীন যানজট এড়াতে গাড়িগুলিকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে। এজেসি বোস রোড ধরে জিরাট আইল্যান্ড হয়ে যে গাড়িগুলি বিদ্যাসাগর সেতুর দিকে আসবে, সেগুলিকে টার্ফভিউ ও হেস্টিংস ক্রসিং হয়ে সেন্ট জর্জেস গেট রোড এবং স্ট্র্যান্ড রোড ধরে হাওড়া ব্রিজের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। অথবা গাড়িগুলি হেস্টিংস ক্রসিং থেকে ডানদিকে ঘুরে কেপি রোডও ধরতে পারবে। অন্যদিকে, কেপি রোড ধরে জে অ্যান্ড এন আইল্যান্ড থেকে আসা সেতুমুখী গাড়িগুলি ১১ ফার্লং গেট ও হেস্টিংস ক্রসিং পেরিয়ে সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ পৌঁছোবে। এছাড়া কেপি রোড ধরে ঘোড়া পাসের কাছে ওয়াই পয়েন্ট ব়্যাম্প হয়ে হাওড়া ব্রিজ যেতে হলে গাড়িগুলিকে রেড রোড ধরতে হবে। পাশাপাশি, সিজিআর রোড ধরে খিদিরপুরের দিক থেকে আসা সেতুমুখী গাড়িগুলিকে হেস্টিংস মোড় থেকে বাঁদিকে ঘুরিয়ে সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে পাঠানো হবে।

কলকাতার সঙ্গে হাওড়া, সাঁতরাগাছি এবং রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হল এই বিদ্যাসাগর সেতু। যেটির দৈর্ঘ্য ৮২৩ মিটার। ভারতের দীর্ঘতম সেতুটি বয়সের নিরিখে ৩৩ বছরে পা দিয়েছে। নির্মাণের পর ২৭ বছর অতিক্রান্ত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, টানা ২৫ বছরের বেশি সময় ধরে নিত্যদিন কয়েক হাজার গাড়ি চলাচলের ফলে সেতুর স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল, ডেক স্ল্যাব এবং এক্সপ্যানশন জয়েন্টগুলির আয়ু ফুরিয়ে এসেছে। বড়সড় কোনো বিপদ এড়াতেই এগুলির বদল অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

সেতু রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থা এইচআরবিসি (HRBC) ইতিমধ্যেই বিশেষজ্ঞদের নিয়ে একটি দল গঠন করেছে। সেতুতে থাকা মোট ১৫০টি স্টে কেবলের মধ্যে প্রাথমিক পর্যায়ে মূলত এই কেবলগুলি বদলানোর কাজই চলছে। গত কয়েক সপ্তাহ ধরেই মূলত রবিবারগুলিকে বেছে নিয়ে এই সংস্কার চালানো হচ্ছে। তবে প্রায় প্রতি রবিবার এভাবে সেতু বন্ধ থাকায় নিত্যযাত্রী ও সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। দিনের বদলে রাতের দিকে কেন এই কাজ করা হচ্ছে না, তা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই।


Share