Utsashree Portal

চার বছরের অপেক্ষার অবসান! ফের খুলল ‘উৎসশ্রী’ পোর্টাল, অনলাইনে শুরু শিক্ষকদের বদলির আবেদন

পরে শিক্ষক, গ্রুপ-সি এবং গ্রুপ-ডি কর্মী নিয়োগ প্রক্রিয়ার জন্যও তা দীর্ঘদিন বন্ধ ছিল। এ বার সেই স্থগিতাদেশ তুলে নিয়ে সব ধরনের বদলির আবেদন গ্রহণ শুরু হয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০১ জুলাই ২০২৬ ০৫:০৯

প্রায় চার বছর পর ফের চালু হল শিক্ষকদের বদলির আবেদন প্রক্রিয়া। বুধবার থেকে পুনরায় খুলে দেওয়া হয়েছে 'উৎসশ্রী' পোর্টাল। ফলে নির্ধারিত নিয়ম মেনে শিক্ষকরা আবার অনলাইনে বদলির আবেদন করতে পারবেন বলে জানিয়েছে স্কুলশিক্ষা দফতর।

দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশেষ পরিস্থিতির কারণে ২০২২ সালের সেপ্টেম্বর থেকে উৎসশ্রী পোর্টালের মাধ্যমে বদলির আবেদন গ্রহণ স্থগিত রাখা হয়েছিল। পরে শিক্ষক, গ্রুপ-সি এবং গ্রুপ-ডি কর্মী নিয়োগ প্রক্রিয়ার জন্যও তা দীর্ঘদিন বন্ধ ছিল। এ বার সেই স্থগিতাদেশ তুলে নিয়ে সব ধরনের বদলির আবেদন গ্রহণ শুরু হয়েছে।

স্কুলশিক্ষা দফতরের এক আধিকারিক জানান, পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের ২০১৫ সালের বদলি সংক্রান্ত বিধি মেনেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। দীর্ঘদিন বদলির অপেক্ষায় থাকা শিক্ষক ও অশিক্ষক কর্মীদের জন্য এই সিদ্ধান্ত স্বস্তির বার্তা বলেই মনে করা হচ্ছে।

তবে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলের দাবি, ২০২১ সাল থেকে যাঁদের বদলির আবেদন এখনও নিষ্পত্তি হয়নি, তাঁদের আবেদন আগে মেটানো উচিত। তা না হলে নতুন করে আইনি জটিলতা তৈরি হতে পারে। তাঁর অভিযোগ, ২০২২ সালের সেপ্টেম্বরের পর সাধারণ বদলির আবেদন বন্ধ করে শুধু আপস-বদলির আবেদন নেওয়া হলেও ৩০ জুন, ২০২৬ পর্যন্ত সেই আবেদনগুলিরও নিষ্পত্তি হয়নি।

অন্য দিকে, শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, বদলি প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখতে হবে এবং দুর্নীতির কোনও সুযোগ রাখা যাবে না। একইসঙ্গে নিজের জেলায় বদলির সুযোগ ও স্বচ্ছ নিয়োগের মাধ্যমে সব শূন্যপদ পূরণের দাবিও জানান তিনি।

অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক চন্দন গড়াইয়ের মতে, দীর্ঘদিন ধরে নানা সমস্যার মুখে থাকা বহু শিক্ষক-শিক্ষিকার দুর্ভোগ এই সিদ্ধান্তের ফলে অনেকটাই কমবে।


Share