NEET Paper Leak

হাই কোর্টের অনুমতি ছাড়াই কালীঘাটপন্থী তৃণমূলের জমায়েত, আটক কুনাল-সহ দু’জন, লালবাজারের বাইরে পুলিশের সঙ্গে বচসা

বেলেঘাটার বিধায়ক কুনাল ঘোষ এবং প্রাক্তন কাউন্সিলর বৈশ্ব‍্যানর চট্টোপাধ্যায়কে আটক করে লালবাজারে রাখা হয়েছে। সেখানে এসেছেন দোলা সেন, ডেরেক ও’ব্রায়েন, হুমায়ুন কবির এবং বিমান বন্দ্যোপাধ্যায়।

লালবাজারের বাইরে কালীঘাট তৃণমূলের অবস্থান।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৬ ০৬:১৪

প্রশ্নফাঁস কান্ডে মিছিলের ডাক দিয়েছিল কালীঘাটপন্থী তৃণমূল। পদ্মপুকুর থেকে মৌলালী পর্যন্ত সেই মিছিলের ডাক দেওয়া হয়। পুলিশ অনুমতি না দিলে কলকাতা পুলিশের দ্বারস্থ হয়। কলকাতা হাই কোর্টও মিছিলের অনুমতি দেয়নি। এর পরেই বেআইনি জমায়েত করার অভিযোগে কুনাল ঘোষ এবং বৈশ্ব‍্যানর চট্টপাধ‍্যায়কে আটক করে পুলিশ। তাঁকে লালবাজারে নিয়ে আসা হয়। এর পরেই লালবাজারের ঢুকতে চেয়ে বাইরে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন দোলা সেন এবং ডেরেক ও’ব্রায়েন।

প্রশ্নফাঁস কান্ডে নিয়ে শনিবার দুপুর ৩টে থেকে ৫টা পর্যন্ত মিছিল করার কথা ছিল। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনারের কাছে সেই অনুমতি চাওয়া হয়েছিল। তবে পুলিশ ট্রাফিক এবং বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে তাদের আবেদন নাকোচ করে দেয়। সেই নির্দেশকে চ‍্যালেঞ্জ করে তৃণমূলের হাই কোর্টের দ্বারস্থ হয়। মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়। 

মামলা দায়ের হয়েছে এই কথা ভেবে তাঁরা জমায়েত শুরু করেছিল। একই সঙ্গে দুপুর ৩টের কিছু পরে মামলাটি ওঠে। হাই কোর্ট জানিয়ে দেন, এই মূহুর্তে পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। মিছিলের অনুমতি দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পরে। আদালত তৃণমূলকে এ-ও বলে, যদি সংহতি জানাতেই হয় তাহলে শুক্রবারের আন্দোলনে কেন যোগ দিলেন না। এখানে কোনও জরুরি পরিস্থিতি নেই। 

রাজ‍্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎনাথ মিত্র বিরোধিতা করে আদালতকে জানান, আগের দিন (শুক্রবার) একটি বড় মিছিলকে কেন্দ্র করে পুলিশকে পদক্ষেপ করতে হয়েছে। এমন পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দল বা তাদের শাখা সংগঠন আলাদা আলাদা মিছিল করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। দু’পক্ষের সওয়াল জবাব শোনার পরে কালীঘাটপন্থী তৃণমূলের মিছিলের আবেদন হাই কোর্ট খারিজ করে দেয়।

অভিযোগ, আদালতে জমায়েতের আবেদন খারিজের পরেও পদ্মপুকুরে ভিড় ছিল। সেখানে পুলিশের বিশাল বাহিনী যায়। ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। মমতা বন্দ্যোপাধ্যায় মোটরবাইকে চেপে নিজের বাড়ি চলে যান। তার পরে যারা সেখানে অবস্থান করছিলেন তাঁদের সেখান থেকে আটক করে লালবাজারে নিয়ে আসা হয়।

বেলেঘাটার বিধায়ক কুনাল ঘোষ এবং প্রাক্তন কাউন্সিলর বৈশ্ব‍্যানর চট্টোপাধ্যায়কে আটক করে লালবাজারে রাখা হয়েছে। সেখানে এসেছেন দোলা সেন, ডেরেক ও’ব্রায়েন, হুমায়ুন কবির এবং বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁরা ভিতরে যেতে চান। কিন্তু তাঁদের ভিতরে প্রবেশ করার এখনও অনুমতি দেওয়া হয়নি। ফলে তাঁরা গেটের বাইরে বসে পড়েছেন। পুলিশের সঙ্গে দফায় দফায় বচসা চলছে।


Share