Dharmatala Incident

ধর্মতলায় অশান্তির ঘটনায় ওয়াটগঞ্জ থেকে আটক আরও দু’জন, রাজ‍্য জুড়ে ‘শুক্রবারি’-দের খোঁজে চলছে চিরুনি তল্লাশি

মোট ৭০ জন অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। লালবাজার সূত্রের খবর, বেশিরভাগ বাড়িতেই নেই। পলাতক। পুলিশের অনুমান, তারা অন‍্য রাজ‍্যে চলে গিয়ে থাকতে পারে।

ধর্মতলার অশান্তির ঘটনায় আটক আরও দু’জন।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৬ ১০:৩৬

ধর্মতলার অশান্তি পাকানো, পুলিশের ওপর হামলা এবং সাংবাদিকদের ওপর মারধরের ঘটনায় আরও দু’জনকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, দু’জনকেই কলকাতা বন্দরের ওয়াটগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজনের নাম মহম্মদ সাদ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ সূত্রে এ-ও জানা গিয়েছে, মহম্মদ সাদের উত্তরে অসঙ্গতি রয়েছে। ঘটনার পরে সমাজমাধ‍্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিয়ো দেখে তাদের চিহ্নিত করা হয়েছে। এর পরেই সোমবার সন্ধ্যায় এদের খোঁজে ওয়াটগঞ্জে তল্লাশি অভিযানে নামে পুলিশ।

শুক্রবার প্রশ্নফাঁস কান্ডের প্রতিবাদে সিপিএমের ছাত্র সংগঠনের ডাকে মিছিল হয়েছিল। ওই মিছিল ধর্মতলা পৌঁছোতেই অশান্তি শুরু হয়। আচমকা মিছিল থেকে জুতো, বোতল এবং ইট পুলিশকে লক্ষ্য করে ছোঁড়া হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ মৃদু লাঠিচার্জ করে। ঘটনায় একাধিক সাংবাদিক জখম হন। ওই দিন সন্ধ্যায় এসএসকেএম হাসপাতালে জখম সাংবাদিকদের সঙ্গে দেখা করতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

জখম সাংবাদিকদের সঙ্গে দেখা করার পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এই ঘটনার নেপথ্যে ‘শুক্রবারি’-রা রয়েছে। সেই দিন জুম্মাবার ছিল। তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়ে বলেন, “কাউকে রেয়াত করা হবে না। অপেক্ষা করুন।” এর পাশাপাশি বিধানসভায় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ঘটনায় ৭০ জনকে পুলিশ চিহ্নিত করেছে। তাদের মধ‍্যে চার জন দাগী দুষ্কৃতীদের নামও করেন।

ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করে প্রথমে ১৪ জনকে গ্রেফতার করা হয়। সোমবার আরও দু’জনকে গ্রেফতার করা হয়। এখনও পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আগামীকাল আবার পুলিশি হেফাজত চেয়ে আদালতে পেশ করা হবে। এ দিন সকালে ১৪ জনকে ঘটনাস্থলে নিয়ে আসে পুলিশ। সেখানে ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে। এক অভিযুক্ত নিজেকে কংগ্রেস কর্মী বলেও দাবি করছে। এরই মধ‍্যে আরও দু’জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ সূত্রের খবর, আটক হওয়া ব্যক্তিরা পুলিশের প্রশ্নের উত্তর দিতে পারেনি। এড়িয়ে যাচ্ছে।

মোট ৭০ জন অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। লালবাজার সূত্রের খবর, বেশিরভাগ বাড়িতেই নেই। পলাতক। পুলিশের অনুমান, তারা অন‍্য রাজ‍্যে চলে গিয়ে থাকতে পারে। তাই ভিনরাজ‍্যের পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাতেও তল্লাশি চালানো হচ্ছে।

শুক্রবারের ঘটনাক্রম সব জায়গায় এক ছিল না। কোথায় কীভাবে ঘটনা ঘটেছে তা জানতে বেশ কিছু ভিডিয়ো ফুটেজ বাজেয়াপ্ত করা হয়েছে। তা আইন মেনে এনসিআরবি পোর্টালে আপলোড করে দেওয়া হয়েছে। বেশ কিছু জখম সাংবাদিকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি কীভাবে আক্রান্ত হয়েছেন তা জানার চেষ্টা করা হচ্ছে বলে জানা গিয়েছে।


Share