Murder Case

জমি-বিবাদে নিউটাউনে জোড়া খুন, গুরুতর এক মহিলা, তিন জনকে আটক পুলিশের

নিউটাউনের নতুন পুকুর ছাতনা এলাকায় জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিবাদের জেরে একই পরিবারের দুই সদস্যকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, নিউটাউন
  • শেষ আপডেট: ২২ জুলাই ২০২৬ ০৩:৪১

জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিবাদের জেরে নিউটাউনের নতুন পুকুর ছাতনা এলাকায় একই পরিবারের দুই সদস্যকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় আরও এক মহিলা গুরুতর জখম হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। তিন জনকে আটক করা হচ্ছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নতুনপুকুর ছাতনা এলাকায় একটি জমিকে কেন্দ্র করে একই পরিবারের দুই পক্ষের মধ্যে বহুদিন ধরেই বিরোধ চলছিল। স্থানীয়দের দাবি, এই বিবাদ নতুন নয়।মৃতদের বাবা-কাকাদের সময় থেকেই জমি নিয়ে দ্বন্দ্ব ছিল। মঙ্গলবার সেই বিবাদ চরম আকার নেয়।

অভিযোগ, ধারালো অস্ত্র নিয়ে অভিযুক্তরা আচমকাই হামলা চালায়। এলোপাথাড়ি কোপে গুরুতর জখম হন বাপি মিস্ত্রি, তাঁর বাবা মোজাফফর মিস্ত্রি এবং হোসেনারা বিবি। ঘটনাস্থলেই বাপি মিস্ত্রির মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় মোজাফফর মিস্ত্রি ও হোসেনারা বিবিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোজাফফর মিস্ত্রির মৃত্যু হয়। হোসেনারা বিবি এখনও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জমি সংক্রান্ত বিরোধ থেকেই এই হামলার সূত্রপাত হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ বা পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার তদন্তে নেমে পুলিশ তিন জনকে আটক করেছে। ধৃতরা মৃতদের সম্পর্কীয় ভাই বলে জানা গিয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। এই জোড়া খুনের ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।


Share