Suvendu Adhikari

বিকাশরঞ্জনের বাড়িতে বোতল ছোড়ার ঘটনায় গ্রেফতার তৃণমূলকর্মী! ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে আইনজীবীর বিরুদ্ধে পদক্ষেপ করতে নির্দেশ মুখ্যমন্ত্রীর

বুধবার ভোরে আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে এক যুবক বোতল ছোড়ে বলে অভিযোগ উঠেছে। সেই ঘটনায় বাপ্পা গুছাইত নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। তাঁকে আদালতে হাজির করানো হয়েছে

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৬ ০৭:২৪

সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে বোতল ছোড়ার ঘটনা নিয়ে ‘হিন্দু’ ধর্ম নিয়ে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ। অপর দিকে সেই ঘটনায় বাপ্পা গুছাইত নামে এক তৃণমূলকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। তিনি সমাজমাধ‍্যমে ‘হিন্দুত্ববাদী’ শব্দের ব‍্যবহার করেছেন তাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপত্তি রয়েছে। তিনি মনে করেন, এতে সমগ্র হিন্দু জনগোষ্ঠীকে বিকাশরঞ্জন অপমান করেছে। এই বোতল ছোড়ার ঘটনায় যদি ইসলাম ধর্মাবলম্বীরা যুক্ত থাকতেন, তা হলে ‘ইসলামপন্থী’ লিখতে পারতেন না বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বুধবার ভোরে আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে এক যুবক বোতল ছোড়ে বলে অভিযোগ উঠেছে। সেই ঘটনায় বাপ্পা গুছাইত নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। তাঁকে আদালতে হাজির করানো হয়েছে। তাঁকে পুলিশ হেফাজতে চাওয়া হয়েছে। সেই ঘটনা নিয়ে বিকাশরঞ্জন ভট্টাচার্য লিখেছিলেন, “আমার বাড়িতে হিন্দুত্ববাদীরা গুন্ডারা হামলা চালিয়েছে।”

বিকাশরঞ্জন ভট্টাচার্য এর রাস্তার মোড়ে দাঁড়িয়ে তথাকথিত ‘সাম্প্রদায়িক সম্প্রীতি’-র নামে গোমাংস খেয়েছিলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য, বিকাশরঞ্জন ভট্টাচার্য ‘ভীষণ হিন্দুবিদ্বেষী’। শুভেন্দু জানান, তিনি খবরটি পাওয়ার পরেই বিকাশরঞ্জন ভট্টাচার্যকে অভিযোগ জানাতে বার্তা পাঠান। তিনি এ-ও জানান, “সিপিএম নেতা যদি অভিযোগ না করেন তা হলে পুলিশ স্বতঃপ্রণোদিত ভাবে মামলা দায়ের করে অভিযুক্তকে খুঁজে বের করতে বলি। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ বাপ্পা গুছাইতকে গ্রেফতার করা হয়েছে। তিনি গড়িয়ার বাসিন্দা।”

সম্প্রতি রাজ‍্যে রাজনৈতিক সমীকরণ পরিবর্তন হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিপিএম কাছাকাছি আসার চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, “ছেলেটি তৃণমূলের কর্মী। যে দলের সঙ্গে এখন সিপিএমের ভাব হয়েছে সেই দলেরই একজন কর্মী। বিকাশবাবুর অভিযোগের ভিত্তিতে যে যে ধারায় মামলা রুজু করার তা পুলিশ করেছে।”

কিন্তু বিকাশরঞ্জন তাঁর নিজের পোস্টে ‘হিন্দুবাদী গুন্ডা’ বলে উল্লেখ করায় তা নিয়ে আপত্তি জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন তিনি এমন শব্দ বলেছেন তা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন। তিনি বলেন, “নিজের পোস্টে ‘হিন্দুবাদী’ বলে আক্রমণ করেছেন। এটাকেও আমরা সিরিয়াস বিষয় হিসেবেই নিয়েছি। গড়ফা এবং কসবাতে তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করতে কলকাতা পুলিশের কমিশনারকে নির্দেশ দিয়েছি। আমি পোস্ট ডিলিট করতে বলছি না। যা ঘটনা ঘটেছে তিনি দিয়েছেন। শুধু ‘হিন্দুত্ববাদী’ শব্দটাকে সরাতে হবে। তা যদি না হয় তা হলে মনে করি, সর্ববৃহৎ ধর্ম পালনকারী হিন্দু জনগোষ্ঠীর আস্থা পালনে আঘাত করা হয়েছে। তিনি এই শব্দটির মাধ্যমে সমগ্র জাতীকে অপমান করেছেন। যদি না করেন তা হলে কলকাতা পুলিশের তরফে চিঠি দেব বিকাশের পোস্টকে সরানোর জন‍্য। উনিও আইনের উর্ধ্বে নন।”

মুখ্যমন্ত্রী এ-ও বলেন, “বিকাশরঞ্জন আইনজীবী পেশার আড়ালে থেকে তিনি বারবার হিন্দুদের অপমান করবেন, এটা কিন্তু এই রাজ্যে হবে না। আপনার বাড়িতে হামলার ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আপনাদের জমানায় এ সব হতো না। ছোট আঙারিয়া, সুজপুর— খুনের অভিযুক্তদের গায়ে আপনারা হাত দেননি।”

নবান্নের সাংবাদিক বৈঠক থেকে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আপনাকেও সরকারের কথা শুনে চলতে হবে। আপনার বাড়িতে আক্রমণকারী ছেলেটি যদি অন‍্য ধর্মের হতো তা হলে আপনি লিখতে পারতেন ‘ইসলামপন্থী বা খ্রিস্টানপন্থী’? এত দুর্বল হিন্দুদের ভাবার কোনও কারণ নেই। আপনাকে আমি সতর্ক করলাম। না হলে পোস্ট সরানোর জন্য পুলিশ ব‍্যবস্তা নেবে।”


Share