Electrocution

প্রবল ঝড়ে আম কুড়াতে গিয়ে আউট্রামঘাট বিপত্তি, বিদ্যুৎস্পৃষ্ট হল যুবক, শহরজুড়ে দু’জনের মৃত্যু, প্রকৃতির তাণ্ডবে জখম একাধিক

আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতার ৮৮ কিমি বেগে ঝড় হয়েছে। এর ফলে, কোথাও গাছ ভেঙেছে, কোথাও জল জমেছে, কোথাও আবার ওভারহেড তারে গাছ পড়ে ব্যহত রেল পরিষেবা। আংশিক ব্যহত হয়েছে মেট্রো পরিষেবারও।

আউট্রামঘাট ঘাটে জ্বলছে আগুন।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৯ মে ২০২৬ ০৮:০৮

একদিকে স্বস্তি। অন‍্য দিকে বিপত্তি। প্রবল ঝড়ে আম কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল যুবকের। শুক্রবার আউট্রামঘাট ঘাটে ঘটনাটি ঘটেছে। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। শহরজুড়ে ঝড়ের তাণ্ডবে একাধিক মানুষ জখম হয়েছে।

জানা গিয়েছে, এ দিন দুপুরে ঝড় উঠলে ওই যুবক ঘুরে ঘুরে আম কুড়াচ্ছিল। তা কুড়িয়ে একটি জায়গায় রাখার পরে আবার কুড়াতে যায়। যে জায়গায় ঘটনাটি ঘটেছে তার পাশে চক্ররেলের লাইন রয়েছে। ওই লাইনের ওপর দিয়েই ওই যাচ্ছিল। সেই সময় লাইনের পাশে থাকা একটি আস্ত আম গাছ ওভারহেড তারের ওপর ভেঙে পড়ে। হাইভোল্টেজ ওভারহেড তারে সাথে তার জড়িয়ে মূহূর্তের মধ্যে আগুন ধরে যায়। সেই তারের সঙ্গে গাছ যুবকের ওপর এসে পড়ে। তার জেরেই মৃত্যু হয়েছে যুবকের।

প্রত‍্যক্ষদর্শীরা সেখানে বেশ কিছু ক্ষণ আগুন জ্বালতে দেখেছেন বলে জানানো হয়েছে। পরে দুর্যোগ থামলে ঘটনাস্থলে পুলিশ আসে। ডাক্তার ঘটনাস্থলে এসে যুবককে মৃত বলে ঘোষণা করে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যুবকের পরিচয় জানার করছে পুলিশ।

অন‍্য দিকে, ঝড়ের তাণ্ডবে চেতলায় এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম প্রবীণকুমার ঠাকুর। তিনি চেতলার পিতম্বর ঘটক লেনের বাসিন্দা। জানা গিয়েছে, প্রবীণ ঝড়ের সময় একটি বাড়ির নীচে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় তাঁর ওপরেই থাকা একটি বাড়ির ঝুলন্ত বারান্দার রেলিং ভেঙে তাঁর মাথার ওপর পড়ে। গুরুতর জখম অবস্থায় তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এ ছাড়াও, ঘটনায় তিনজন জখম হয়েছেন। একটি ঘটনা ঘটেছে নেতাজি নগরে। সেখানকার শ্রীগুরু আশ্রমের কাছে একটি গাছ এক দম্পতির ওপর ভেঙে পড়ে। জখমদের নাম, বিজয়কৃষ্ণ রানা এবং বৃষ্টি রানা সাহা। এম আর বাঙুর হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। 

আরেকটি ঘটনা ঘটেছে ফোর্ট উইলিয়মের সামনে। সেখানে এক তরুণী কর্মস্থল থেকে স্কুটি নিয়ে বাড়ি ফিরছিলেন। ঝড়ের সময় একটি গাছ তাঁর ওপরে ভেঙে পড়ে। জখম তরুণীর নাম সুমনা ঘোষ। তিনি হাওড়ার মুক্তারাম দেবনাথ লেনের বাসিন্দা। তাঁকে জখম অবস্থায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়ে। র‍্যপ্রাথমিক চিকিৎসার পরে তরুণীকে ছেড়ে দেওয়া হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

শুক্রবার দুপুরবেলাতেই অন্ধকার হয় আকাশ। কিছু ক্ষণ পরেই প্রবল বেগে ঝড় শুরু হয়। সেই সঙ্গে নামে বৃষ্টি। বেশ কয়েক দিন ধরে চূড়ান্ত দাবদাহ ছিল কলকাতা থেকে জেলায়। উত্তরবঙ্গের দিকে কিছুটা বৃষ্টিপাত হলেও, দক্ষিণবঙ্গে কয়েক সপ্তাহ ধরেই চড়ছিল তাপমাত্রা। তবে আজকের বৃষ্টিপাতে একধাক্কায় অনেকটাই কমে গেল তাপমাত্রা। 

আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতার ৮৮ কিমি বেগে ঝড় হয়েছে। এর ফলে, কোথাও গাছ ভেঙেছে, কোথাও জল জমেছে, কোথাও আবার ওভারহেড তারে গাছ পড়ে ব্যহত রেল পরিষেবা। আংশিক ব্যহত হয়েছে মেট্রো পরিষেবারও।


Share