IPS Posting

দেবেন্দ্রপ্রতাপ সিংহকে পাঠানো হল উত্তরবঙ্গে, পুজোর আগেই ১৭ জন আইপিএস অফিসারের বদলি করল নবান্ন

মোট ২৩ জন পুলিশকর্তার বদলি হয়েছে। তাঁদের ১৭ জন আইপিএস অফিসার এবং ছ’জন ডব্লুবিপিএস অফিসার রয়েছেন। ১৭ জন আইপিএস অফিসারের মধ্যে চার জন আইজি পদমর্যাদার, চার জন ডিআইজি পদমর্যাদার পুলিশকর্তা রয়েছেন।

(বাঁ দিক থেকে) দেবেন্দ্রপ্রতাপ সিংহ এবং ভোলানাথ পান্ডে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫২

পুজোর আগেই আইপিএস অফিসারদের বদলি করল নবান্ন। মোট ২৩ জন পুলিশকর্তার বদলি হয়েছে। তাঁদের ১৭ জন আইপিএস অফিসার এবং ছ’জন ডব্লুবিপিএস অফিসার রয়েছেন। ১৭ জন আইপিএস অফিসারের মধ্যে চার জন আইজি পদমর্যাদার, চার জন ডিআইজি পদমর্যাদার পুলিশকর্তা রয়েছেন।

গতকাল সন্ধ্যায় স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দফতরের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, দেবেন্দ্রপ্রতাপ সিংহকে উত্তরবঙ্গের আইবি-তে আইজি পদে বদলি করা হয়েছে। দেবেন্দ্রপ্রতাপ কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর জায়গায় পাঠানো হয়েছে সুধীরকুমার নীলকন্ঠমকে। সুধীরকুমার রাজ‍্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের আইজি ছিলেন। রাজ‍্য পুলিশের ভবনগুলির পরিকাঠামো দেগভালের দায়িত্বে থাকা হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট লিমিটেডে পাঠানো হয়েছে নীলু শেরপা (চক্রবর্তী)-কে। তিনি এর আগে এসসিআরবিতে আইজি ছিলেন। তাঁর জায়গায় শঙ্খশুভ্র চক্রবর্তীকে এসআরবিতে বদলি করা হয়েছে। শঙ্খশুভ্র এর আগে রাজ‍্য পুলিশের হোমগার্ডের আইজি হিসেবে কর্মরত ছিলেন।

অন‍্য দিকে, কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) সূর্যপ্রতাপ যাদবকে সরানো হয়েছে। তাঁকে রাজ‍্য পুলিশের আইবিতে ডিআইজি করে পাঠানো হয়েছে। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) করা হয়েছে ভোলানাথ পান্ডেকে। অর্থাৎ ভোলানাথ পান্ডে আবার কলকাতা পুলিশে ফিরলেন। ভোলানাথ এর আগে রাজ্য পুলিশের আইবিতে ছিলেন। দেবর্শি দত্তকে বিধাননগর পুলিশ কমিশনারেটের যুগ্ম কমিশনার করা হয়েছে।

ধৃতিমান সরকারকে পাঠানো হয়েছে মালদহের সিআইডিতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় তিনি লাইমলাইটে ছিলেন। নির্বাচনে পরে তাঁকে রাজ‍্য পুলিশের আইবিতে সুপার পদে ছিলেন। ওয়াংদেন ভুটিয়াকে শিলিগুড়ির ব‍্যাটেলিয়ন থেকে ভবানী ভবনে সিআইডিকে পাঠানো হয়েছে। হোসেন মেহেদি রহমানকে রাজ‍্য পুলিশের আইবি থেকে ব‍্যারাকপুরের অকাদেমিতে বদলি করা হয়েছে। অরিশ বিলালকে ভবানী ভবনে সিআইডিতে পাঠানো হয়েছে। নিম্বানরবু ভুটিয়াকে ভবানী ভবনে সিআইডিতে বদলি করা হয়েছে।

এ ছাড়াও, কাজি শামসুদ্দিন আহমেদকে আগে বিধাননগরের গোয়েন্দা বিভাগের ডেপুটি কমিশনার করা হয়েছে। তিনি এর আগে শিলিগুড়ির ডেপুটি কমিশনার (ট্রাফিক) ছিলেন। কুন্তল বন্দ্যোপাধ্যায়কে ব‍্যারাকপুরের ডেপুটি কমিশনার করা হয়েছে। তিনি এর আগে ব‍্যারাকপুরের ব‍্যাটেলিয়ে কমান্ডিং অফিসার ছিলেন।

অন‍্য দিকে, কলকাতা পুলিশের সৌমদ্বীপ ভট্টাচার্যকে কলকাতা পুলিশের সাইবার অপরাধ দমন বিভাগের ডেপুটি কমিশনার করা হয়েছে। তবে কলকাতা পুলিশের সাইবার অপরাধ দমন বিভাগের ডেপুটি কমিশনার রয়েছেন প্রদীপকুমার যাদব। তাঁর সঙ্গেই কাজ করবেন সৌমদ্বীপ। স্পর্শ নীলাঙ্গিকে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের ডেপুটি কমিশনার করা হয়েছে। তিনি এর আগে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ডেপুটি কমিশনার ছিলেন।


Share