Arrest

অধরা টুলু মণ্ডল, একে একে ধরা পড়ছে ঘনিষ্ঠরা! গ্রেফতার ম্যানেজার সীতেশ, কোটি কোটি টাকার সম্পদের উৎস খুঁজতে পুলিশের ম্যারাথন তল্লাশি

রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে টুলু মণ্ডলের ব্যবসার ম্যানেজার সীতেশ প্রামাণিককে গ্রেফতার করেছে বীরভূম জেলা পুলিশ।

গ্রেফতার টুলু মন্ডলের ম্যানেজার সীতেশ প্রামাণিক।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৩ আগস্ট ২০২৬ ১২:২১

বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল কাণ্ডে তদন্তে আরও একটি বড় সাফল্য পেল পুলিশ। রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে টুলু মণ্ডলের ব্যবসার ম্যানেজার সীতেশ প্রামাণিককে গ্রেফতার করেছে বীরভূম জেলা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই অভিযান চালায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত সীতেশ দীর্ঘদিন ধরে টুলু মণ্ডলের ব্যবসার দেখভালের দায়িত্বে ছিলেন। সোমবার তাঁকে সিউড়ি আদালতে তোলা হবে। তদন্তের স্বার্থে তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে পুলিশ। জিজ্ঞাসাবাদে টুলু মণ্ডলের ব্যবসা এবং আর্থিক লেনদেন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলেই তদন্তকারীদের অনুমান।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বীরভূমের মহম্মদবাজার থানার ডেউচা গ্রামের টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ প্রায় সাড়ে ২৮ কোটি টাকা এবং প্রায় ১৫ কেজি সোনা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ নগদ ও সোনার পরই মিনারকে গ্রেফতার করা হয়। এরপর থেকেই মামলার অন্যতম অভিযুক্ত সীতেশের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। এর আগে, গত শনিবার শিলিগুড়ি থেকে টুলুর আর এক আত্মীয় তথা ভাগ্নে শেখ ওয়াসিমকে গ্রেফতার করা হয়েছিল। অভিযোগ, তিনি নেপাল পালানোর চেষ্টা করছিলেন। সেই মামলাতেই এ বার তৃতীয় গ্রেফতারি হিসেবে ধরা পড়লেন সীতেশ।

কোটি কোটি টাকা নগদ ও বিপুল পরিমাণ সোনা উদ্ধার হলেও এখনও অধরা টুলু মণ্ডল। তদন্তকারী সূত্রের দাবি, তিনি বীরভূমের নেতা অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত। তবে গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই তিনি প্রকাশ্যে আর দেখা দেননি। তারপর থেকে তাঁর কোনও হদিস মেলেনি। তদন্তে উঠে এসেছে, পুলিশের জেরায় মিনা দাবি করেছেন, টুলু মণ্ডল এলাকা ছাড়ার আগে তাঁর সমস্ত সম্পত্তির দেখভালের দায়িত্ব তাঁর ওপর দিয়ে গিয়েছিলেন। তবে টুলু বর্তমানে কোথায় রয়েছেন, সে বিষয়ে তিনি কিছুই জানেন না বলেই দাবি করেছেন।

উদ্ধার হওয়া বিপুল পরিমাণ নগদ অর্থ ও সোনার উৎস এখনও স্পষ্ট নয়। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, টুলু মণ্ডলের পাথর ব্যবসায় কোনও আর্থিক অনিয়ম ছিল কি না, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে এই বিপুল সম্পত্তি গড়ে তোলা হয়েছে কি না, কিংবা ভয় দেখিয়ে টাকা আদায় বা জোরপূর্বক জমি দখলের মতো অভিযোগের সঙ্গে এই সম্পদের কোনও যোগ রয়েছে কি না। এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। পাশাপাশি টুলু মণ্ডলের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে। তদন্তে এখনও পর্যন্ত নগদ অর্থ এবং বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট মিলিয়ে ১৮৬ কোটিরও বেশি টাকার হদিস মিলেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃত ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করে সম্পদের উৎস ও আর্থিক লেনদেন সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।


Share