Eastern Railway

শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত শিয়ালদহে ট্রেন চলাচল ব্যাহত, গার্ডার বদল ও রেললাইনের আধুনিকীকরণে বাতিল একাধিক গুরুত্বপূর্ণ লোকাল

এর ফলে সেতুর নিরাপত্তা বাড়ার পাশাপাশি ভবিষ্যতে ট্রেনের গতিও বৃদ্ধি পাবে। একই সঙ্গে ৫২ কেজির রেল বদলে ৬০ কেজির রেল বসানোর কাজও হবে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৬ জুন ২০২৬ ০৭:৪৩

সপ্তাহান্তে ফের ভোগান্তি নিত্যযাত্রীদের। তিন নম্বর ব্রিজে জরুরি রক্ষণাবেক্ষণের কাজের জন্য শনি ও রবিবার শিয়ালদহ ডিভিশনের উত্তর ও দক্ষিণ শাখায় শতাধিক লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। গার্ডার পরিবর্তনের জন্য শনিবার রাত ১০টা ১৫ মিনিট থেকে রবিবার দুপুর একটা ১৫ মিনিট পর্যন্ত শিয়ালদহের আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি বালিগঞ্জ স্টেশনের কাছে রেললাইনের আধুনিকীকরণের কাজও করা হবে, যার ফলে শনিবার রাত ১১টা ১০ মিনিট থেকে রবিবার ভোর পাঁচটা ১০ মিনিট পর্যন্ত ওভারহেড তারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

রেল সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিনের পুরনো গার্ডার বদলে নতুন ও শক্তিশালী গার্ডার বসানো হবে। এর ফলে সেতুর নিরাপত্তা বাড়ার পাশাপাশি ভবিষ্যতে ট্রেনের গতিও বৃদ্ধি পাবে। একই সঙ্গে ৫২ কেজির রেল বদলে ৬০ কেজির রেল বসানোর কাজও হবে।

এই ব্লকের জেরে শনিবার শিয়ালদহ-নৈহাটি, রানাঘাট, বনগাঁ, শান্তিপুর, কল্যাণী সীমান্ত, ডানকুনি, লক্ষ্মীকান্তপুর-সহ একাধিক রুটের ট্রেন বাতিল থাকবে। রবিবার বনগাঁ, কল্যাণী সীমান্ত, নৈহাটি, হাবরা, গোবরডাঙা, রানাঘাট, বারাসত, দত্তপুকুর, ডানকুনি, ব্যারাকপুর, ডায়মন্ড হারবার, সোনারপুর, বজবজ ও লক্ষ্মীকান্তপুর রুটে বহু আপ ও ডাউন লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

কিছু ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে। বনগাঁ, গেদে, শান্তিপুর ও কৃষ্ণনগর সিটি থেকে আসা একাধিক ট্রেন নির্দিষ্ট গন্তব্যের আগেই থামবে এবং পরদিন সেখান থেকেই যাত্রা শুরু করবে। অন্য দিকে বালিগঞ্জ ব্লকের কারণে ক্যানিং, ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর ও বজবজ থেকে আসা কয়েকটি ট্রেন শিয়ালদহের বদলে বালিগঞ্জ পর্যন্ত চলবে। একইভাবে রবিবার কিছু ট্রেন বালিগঞ্জ থেকেই যাত্রা শুরু করবে।

রেল কর্তৃপক্ষ যাত্রীদের ভ্রমণের আগে সংশোধিত সময়সূচি দেখে নেওয়ার পরামর্শ দিয়েছে। অফিসযাত্রীদের অসুবিধা কমাতেই সপ্তাহান্তে এই কাজের পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছে পূর্ব রেল। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য আগাম দুঃখ প্রকাশও করেছে রেল কর্তৃপক্ষ।


Share