Traffic Surgent Injured

নিউটাউনের ন'পাড়া সিগন্যালে ট্রাফিক সার্জেন্টকে বেধড়ক মারধরের অভিযোগ, গ্রেফতার বেসরকারি স্কুলের তিন শিক্ষক

ধৃত তিন জনের নাম— মনমোহন বেহেরা, নীতীশ কুমার সাউ এবং শুভজিৎ চক্রবর্তী। মনমোহন ও নীতীশের বাড়ি ওড়িশায়। অন্য দিকে, শুভজিৎ উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাসিন্দা বলে জানা গিয়েছে। তিনজনই কর্মসূত্রে নিউটাউন এলাকায় থাকতেন।

পুলিশ পিটিয়ে গ্রেফতার তিন শিক্ষক।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৬ ০৪:০৭

নিউটাউনের ন'পাড়া সিগন্যালে মদ‍্যোপদের দাপাদাপি ঠেকাতে গিয়ে আক্রান্ত ট্রাফিক সার্জেন্টকে বেধড়ক মারধরের অভিযোগ। অভিযুক্তরা তিন জনই বেসরকারি স্কুলের শিক্ষক বলে জানা গিয়েছে। ঘটনায় ওই তিনজন শিক্ষককে পুলিশ গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রের খবর, তিন জনই মত্ত অবস্থায় বাইকে করে যাচ্ছিলেন। আচমকা উল্টোদিকে রাস্তায় চলে আসেন। উল্টোদিক থেকে আসা একটি অ্যাপ ক্যাবকে ধাক্কা সজোরে মারে বাইকটি। এর পরেই অ্যাপ ক্যাবের চালকের সঙ্গে বচসা শুরু হয়। পুলিশ ডাকলেও তাঁদের কিছু করতে পারবে না বলে দাবি করা হয়। 

বচসার মাঝেই ক্যাব চালক বিষয়টি ট্রাফিক পুলিশকে জানায়। বিধাননগর ট্রাফিক পুলিশের সার্জেন্ট ঘটনাস্থলে আসেন। তাঁদের গাড়ির কাগজপত্র চায়। কেন কাগজপত্র চাওয়া হল— তা নিয়ে পুলিশের সার্জেন্টের সঙ্গেও বচসা শুরু হয়। এরই এক পর্যায়ে পুলিশ আধিকারিককে বেধড়ক মারধর করা হয়। অভিযোগ, পুলিশ আধিকারিকের মাথায় হেলমেট দিয়ে আঘাত করা হয়। ট্রাফিক সার্জেন্টকে রাস্তায় ফেলে তিন অভিযুক্ত মদ‍্যোপ যুবক বেধড়ক মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইকো পার্ক থানার পুলিশ। ঘটনাস্থল থেকেই অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

ধৃত তিন জনের নাম— মনমোহন বেহেরা, নীতীশ কুমার সাউ এবং শুভজিৎ চক্রবর্তী। মনমোহন ও নীতীশের বাড়ি ওড়িশায়। অন্য দিকে, শুভজিৎ উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাসিন্দা বলে জানা গিয়েছে। তিনজনই কর্মসূত্রে নিউটাউন এলাকায় থাকতেন। তাঁরা একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করেন বলে জানা গিয়েছে।                                                                        

কী কারণে কর্তব্যরত পুলিশ আধিকারিকের ওপর এই হামলা, তা খতিয়ে দেখছে পুলিশ। বৃহস্পতিবার ধৃত তিনজনকে বারাসত আদালতে পেশ করা হবে। পুলিশকে মদ‍্যোপ অবস্থায় মারধরের ঘটনায় পেশায় শিক্ষকদের জড়িত থাকায় নানা মহলে প্রশ্ন উঠছে।


Share