Chor Bagan Incident

চোরবাগানে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, গ্রেফতার পুজো কমিটির কর্তা-সহ সাতজন, অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে তদন্ত শুরু

চোরবাগান সর্বজনীন মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৯, ঘটনায় ৩৫ জন জখম। পুজো কমিটির শীর্ষকর্তা-সহ সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ।

চোরবাগানে মৃত‍্যুমিছিল।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৬ ১১:৩৭

চোরবাগান সর্বজনীন মন্ডপে পদপিষ্ট হয়ে বাড়ল মৃতের সংখ্যা। শেষ খবর অনুযায়ী, ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে। ঘটনায় ৩৫ জন জখম হয়েছিল বলে জানা গিয়েছে। তবে ঘটনার পরে ১৪ জনকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। লালবাজার সূত্রের খবর, সাত জনকে পুলিশ গ্রেফতার করেছে।

হাসপাতাল সূত্রে খবর, পদপিষ্ট হয়ে যে ১৯ জন এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন তাঁরা হলেন-আরতি সরকার বিশ্বাস (চাকদা), শুভম সোনকার (জোড়াবাগান), শ্রীপর্ণা পোদ্দার (বৈদ্যবাটি), প্রিয়া সমাদ্দার (নিউ ব্যারাকপুর), মিঠু মণ্ডল (কুমোরটুলি), পিয়ালি প্রামাণিক (আরামবাগ), সন্দীপ বেজ (পূর্ব বর্ধমান), টগর বেজ (পূর্ব বর্ধমান), অভিষেককুমার শ্রীবাস্তব (বিহার), আয়াংশ শ্রীবাস্তব (বিহার), দীপালি ঘোষ (বরানগর), প্রাঞ্জল সরকার (আগরপাড়া), আকৃতি কুমারি (বালি), বর্ণালী হালদার (নিউটাউন), তানিয়া বিশ্বাস (নিউটাউন), কল্পনা জানা (পানিহাটি), বিকাশ ভট্টাচার্য (হাওড়া), স্নেহা ভাণ্ডারি (বিষ্ণুপুর)।

চোরবাগানের বিপর্যয়ে রাতভর জিজ্ঞাসাবাদের পর সাত জনকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে রয়েছেন চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো কমিটির একাধিক কর্তাও। ভিআইপি পাস সামলানো এবং ভিড় নিয়ন্ত্রণের দায়িত্ব যাঁদের ওপরে ছিল, তাঁদেরও গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন বেসরকারি নিরাপত্তা সংস্থার দুই কর্মীও।

ধৃতদের মধ্যে রয়েছেন চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো কমিটির সম্পাদক রাজকুমার সেওদা ওরফে রাজা এবং কমিটির সহসভাপতি শান্তনু দুবে। গ্রেফতার করা হয়েছে কৌশিক সাহা নামে এক ব্যক্তিকে। তাঁর দায়িত্ব ছিল ঠাকুর দেখার ভিআইপি পাস চেক করা এবং ভিড় সামলানো। ভিড় নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন পিন্টু দে। তাঁকেও গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন বিপ্লব মুখোপাধ্যায়। তিনি পুজো মণ্ডপের বাঁশের কাঠামো নির্মাণের সঙ্গে জড়িত ছিলেন। এ ছাড়াও, ধৃতদের তালিকায় রয়েছেন সুমন চক্রবর্তী এবং রাজেশ পাল। তাঁরা উভয়েই বেসরকারি নিরাপত্তা সংস্থার কর্মী।

চোরবাগানে দুর্ঘটনার পর শনিবার রাতে পুজো কমিটির ১২ উদ্যোক্তাদের বেশ কয়েক জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। সূত্রের খবর, মোট ১৪ জনকে আটক করা হয় জিজ্ঞাসাবাদের জন্য। উদ্যোক্তাদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত এফআইআর রুজু করে পুলিশ। অনিচ্ছাকৃত খুনের অভিযোগে মামলা রুজু হয় থানায়। এ সবের মধ্যে রবিবার সকালে জানা যায়, পুজো কমিটির একাধিক শীর্ষকর্তা-সহ সাত জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দুপুরে তাঁদের আদালতে হাজির করানো হবে।


Share