Bank Safety

গোয়েন্দা বিভাগ নয়, ব‍্যাঙ্কের বাইরে টহল দেবে থানার পুলিশ, ওসিদের ১০টি নির্দেশিকা জারি করল লালবাজার

তাতে বলা হয়েছে, টহলরত পুলিশকর্মীদেরকে নিয়মিত ব্যাঙ্ক পরিদর্শন করবেন। নির্দিষ্ট সময় অন্তর ব্যাঙ্কগুলির নিরাপত্তা ব্যবস্থা যাচাই করে দেখতে হবে।

পুলিশ কমিশনার অজয় নন্দ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২১ আগস্ট ২০২৬ ০৯:০১

এ বার ব‍্যাঙ্কের বাইরে টহল দেবে থানার পুলিশ। শহর এবং শহরতলির আর্থিক প্রতিষ্ঠানগুলির নিরাপত্তা নিশ্চিত করতে থানার ওসিদের জন‍্য নির্দেশিকা জারি করলেন কমিশনার অজয়কুমার নন্দ। এত দিন পর্যন্ত ব‍্যাঙ্কের বাইরে গোয়েন্দা বিভাগের আধিকারিকরা নজরদারির দায়িত্বে থাকবেন। এ বার থেকে স্থানীয় থানায় পুলিশকে সেই দায়িত্ব নিতে হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় লালবাজারের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, টহলরত পুলিশকর্মীদেরকে নিয়মিত ব্যাঙ্ক পরিদর্শন করবেন। নির্দিষ্ট সময় অন্তর ব্যাঙ্কগুলির নিরাপত্তা ব্যবস্থা যাচাই করে দেখতে হবে। ব্যাঙ্কে পর্যাপ্ত নিরাপত্তারক্ষী আছেন কি না, তাঁরা দক্ষ কি না, প্রতিটি ব্যাঙ্কে পর্যাপ্ত সিসি ক্যামেরা রয়েছে কি না, আপৎকালীন অ্যালার্ম সক্রিয় কি না দেখতে হবে।

অন‍্য দিকে, ব্যাঙ্কের আশপাশে সন্দেহজনক কোনও ব্যক্তি বা যানবাহন থাকলে তার গতিবিধির ওপর কড়া নজর রাখতে হবে। ব্যাঙ্কের নিরাপত্তারক্ষী এবং আধিকারিকদের সঙ্গে নিয়মিত পুলিশকে যোগাযোগ রাখতে হবে। ডাকাতি বা অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের কোনও গোপন তথ্য, সঙ্কেত পেলেই তা ঊর্ধ্বতন কর্তাদের বিষয়টি জানাতে হবে।

ব‍্যাঙ্কের বাইরে এতদিন পর্যন্ত গোয়েন্দা বিভাগের ডাকাতিবিরোধী শাখার আধিকারিকেরা এই টহল এবং নজরদারি চালানোর কাজ করত। কিন্তু এ বার থেকে গোয়েন্দা বিভাগের ডাকাতিবিরোধী শাখার আধিকারিকেরা এখন থেকে ডাকাতি সংক্রান্ত গোপন তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, অপরাধীদের শনাক্তকরণের মতো কাজে মনোনিবেশ করবেন। থানাগুলিকেও তারা প্রয়োজনে সাহায্য করবে। গোয়েন্দা বিভাগ থানাগুলির সঙ্গে যোগাযোগ রাখবে। পরিচিত অপরাধী, অপরাধের ধরন নিয়ে পুলিশের সঙ্গে গোয়েন্দাদের তথ্য আদানপ্রদান চলবে।

এ ছাড়াও, সংশ্লিষ্ট সহকারী কমিশনার বা ডেপুটি কমিশনার নিজ নিজ এলাকায় ব্যাঙ্কের টহলদারির তদারকি করবেন। নির্দিষ্ট সময় অন্তর তা থানাগুলির সঙ্গে পর্যালোচনা করবেন। কোনও নির্দিষ্ট উৎসব, অনুষ্ঠান কিংবা কোনও ব্যাঙ্কে বড়সড় নগদ লেনদেনের ক্ষেত্রে অপরাধের আঁচ আগে থেকে পেলে সংশ্লিষ্ট থানা সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে করবে। প্রয়োজনে গোয়েন্দা বিভাগের সঙ্গে পরামর্শ করে পদক্ষেপ করবে।

আরও বলা হয়েছে, আর্থিক লেনদেনের সময়ই শুধু নয়, ব‍্যাঙ্ক খোলা এবং বন্ধ করার সময়ও নজরদারি করতে হবে। অন‍্যন‍্য ঝুঁকিপূর্ণ সময়ও টহল দিতে হবে। ঝুঁকিপূর্ণ সময় কখন তা ঠিক করবেন থানার ওসি নিজেই। আর্থিক প্রতারণা এবং আর্থিক প্রতিষ্ঠানকে কেন্দ্র করে অপরাধের পরিমাণ আগের চেয়ে বেড়েছে। তাই বাড়তি সতর্কতা অবলম্বন করতে চাইছে লালবাজার।


Share