Weather Update

দক্ষিণবঙ্গে কালবৈশাখী ভ্রুকুটি, জেলায় জেলায় আগামী তিনদিন বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সতর্কতা, কমতে পারে তাপমাত্রাও

দক্ষিণবঙ্গে বুধবার থেকে রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। অন্য দিকে উত্তরবঙ্গেও আগামীকাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় ২৮ ও ২৯ মে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ১০:৩৮

দক্ষিণবঙ্গের প্রবল গরম থেকে স্বস্তির বার্তা। দক্ষিণবঙ্গে কালবৈশাখীর ভ্রুকুটি। বুধবার থেকেই আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। আগামী তিনদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বাড়বে। শনিবারের মধ্যে তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গেও আগামীকাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ও ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে শুক্রবার থেকে ধীরে ধীরে বৃষ্টির দাপট কমবে।

আবহাওয়াবিদদের মতে, বর্তমানে দক্ষিণ বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেই ঘূর্ণাবর্ত থেকে অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত একটি উত্তর-দক্ষিণ অক্ষরেখা বিস্তৃত হয়েছে, যা ঝাড়খণ্ড ও ওড়িশার উপর দিয়ে গিয়েছে। এই আবহাওয়াজনিত পরিস্থিতির জেরেই রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

মৎস্যজীবীদের জন্যও জারি হয়েছে বিশেষ সতর্কতা। পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলে সমুদ্র উত্তাল থাকার আশঙ্কা রয়েছে। সমুদ্রপৃষ্ঠে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই বৃহস্পতি ও শুক্রবার, অর্থাৎ ২৮ ও ২৯ মে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

দক্ষিণবঙ্গে বুধবার থেকে শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির একাধিক স্পেল চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কালবৈশাখীর আশঙ্কাও রয়েছে বেশ কয়েকটি জেলায়। আজও পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমান জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।

বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির দাপট দেখা যেতে পারে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায় কালবৈশাখীর সম্ভাবনা বেশি।

শনিবারও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় আবহাওয়ার প্রভাব বেশি পড়তে পারে। তবে রবিবার ও সোমবার থেকে ধীরে ধীরে কমতে পারে ঝড়বৃষ্টির প্রবণতা।

উত্তরবঙ্গেও আজ বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় জলপাইগুড়ি জেলার কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি দার্জিলিং থেকে মালদা পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবারও উত্তরবঙ্গের সব জেলায় একই ধরনের আবহাওয়া বজায় থাকতে পারে। শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও শনিবার ও রবিবার থেকে পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে হালকা ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও সামগ্রিকভাবে কমবে বৃষ্টির দাপট।


Share