School Service Commissioner

স্কুল সার্ভিস কমিশনের সদস‍্য হিসেবে যোগ দিলেন তিন জন রামকৃষ্ণ মিশনের শিক্ষাবিদ সন্ন্যাসী, সশুদ্ধিকরণে যত্নশীল রাজ্য সরকার

বিজ্ঞপ্তিতে তিন জন শিক্ষাবিদ সন্ন‍্যাসীর নাম জানানো হয়েছে। তাঁরা হলেন, স্বামী আত্মপ্রিয়নন্দ, স্বামী শাস্ত্রজ্ঞানানন্দ, স্বামী তত্ত্বসরানন্দ। এ ছাড়াও, কলকাতা আইআইএমের প্রফেসর রাম্যা তারকড ভেঙ্কটেশ্বরাকে সদস‍্য হিসেবে রাখা হয়েছে।

স্কুল সার্ভিস কমিশন।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ আগস্ট ২০২৬ ০১:০৪

স্কুল সার্ভিস কমিশনের শুদ্ধিকরণে বিশেষ যত্নশীল হল রাজ্য সরকার। মঙ্গলবার এসএসসি-র তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছে, রামকৃষ্ণ মঠ ও মিশনের তিন জন শিক্ষাবিদ সন্ন্যাসীকে কমিশনের সদস্য হিসাবে যুক্ত করা হচ্ছে। পাশাপাশি, কমিশনের নতুন সদস্য হয়েছেন কলকাতা আইআইএমের এক প্রফেসরও। কমিশনের চেয়ারম্যান দুষ্মন্ত নারিয়ালার ঘোষণার পরেই সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে তিন জন শিক্ষাবিদ সন্ন‍্যাসীর নাম জানানো হয়েছে। তাঁরা হলেন, স্বামী আত্মপ্রিয়নন্দ, স্বামী শাস্ত্রজ্ঞানানন্দ, স্বামী তত্ত্বসরানন্দ। এ ছাড়াও, কলকাতা আইআইএমের প্রফেসর রাম্যা তারকড ভেঙ্কটেশ্বরাকে সদস‍্য হিসেবে রাখা হয়েছে।

স্বামী আত্মপ্রিয়ানন্দ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের প্রো-চান্সেলর এবং সেক্রেটারি পদে রয়েছেন। মাদ্রাজ ইউনিভার্সিটি থেকে পদার্থবিদ্যায় পিএইচডি করেন স্বামী আত্মপ্রিয়ানন্দ। তাঁর ‘পার্টিকল থিয়োরি’ সংক্রান্ত গবেষণাপত্র দেশের বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। ১৯৭৮ সালে তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনে যোগ দেন। রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির কলেজে ২৫ বছর ধরে পদার্থবিদ‍্যা পড়িয়েছেন। পরবর্তীতে অধ্যক্ষও হন। ২০০৫ সালে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইউনিভার্সিটির উপাচার্য হন।

স্বামী শাস্ত্রজ্ঞানানন্দ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের সেক্রেটারি পদে রয়েছেন। তিনি বেলুড়ের রামকৃষ্ণ মঠ ও মিশনের অধীনে নরেন্দ্রপুর রামকষ্ণ মিশনের পদের পাশাপাশি রামকৃষ্ণ মিশন সারদাপীঠের দায়িত্বেও থেকেছেন। অপর জন, স্বামী তত্ত্বসরানন্দ বেলুড়ের রামকৃষ্ণ মঠ ও মিশনের ট্রাস্টি বোর্ডে রয়েছেন। এর পাশাপাশি তিনি গোলপার্কের রামকৃষ্ণ মিশন ইন্সটিটউট অব কালচারের সেক্রেটারি। রাষ্ট্রবিজ্ঞান ও এডুকেশনে স্নাতকোত্তর। দীর্ঘ সময় ধরে শিক্ষকতার অভিজ্ঞতা আছে তাঁর।

এ ছাড়াও, আইআইএম কলকাতার স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক রাম্যা তারকড ভেঙ্কটেশ্বরাকে সদস‍্য করা হয়েছে। তিনি কালিকটের ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক হন তিনি। পরে বেঙ্গালুরুর আইআইএম থেকে পিজি ডিপ্লোমা ও ফেলো প্রোগাম ম্যানেজমেন্ট (পিএইচডি-র সমতুল্য) করেন তিনি। একাধিক পুরস্কার ও সম্মানও পেয়েছেন তিনি।

এর আগেই স্কুল সার্ভিস কমিশন থেকে রাজনৈতিক ব‍্যক্তিদের সরানো হয়েছে। বসানো হয়েছে প্রাক্তন মুখ‍্যসচিব দুষ্মন্ত নারিয়ালাকে। তৃণমূল জমানায় নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, উপদেষ্টা শান্তিপ্রসাদ সিংহ। এই সব যাবতীয় বিতর্ক থেকে দূরে রাখতে এই পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি, স্কুল সার্ভিস কমিশনের খোলনলচেও পরিবর্তন হতে চলেছে বলে মনে করা হচ্ছে।


Share