Arrest

তোলাবাজির অভিযোগে সাসপেন্ড কলকাতার তিন পুলিশ কর্মী, পিসিআর ভ্যানের ডিউটি ছেড়ে তোলাবাজির অভিযোগে শুরু তদন্ত

প্রাথমিক পর্যায়ে পিসিআর ভ্যানের জিপিএস তথ্য ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। তদন্তে অভিযোগের সমর্থনে একাধিক তথ্যপ্রমাণ মিলেছে বলে দাবি পুলিশের।

শ্যামপুকুর থানা
নিজস্ব সংবাদদাতা, শ্যামপুকুর
  • শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ০৭:৫৯

নতুন সরকারের দুর্নীতি বিরোধী অবস্থানের মধ্যেই তোলাবাজির অভিযোগে সাসপেন্ড কলকাতা পুলিশের তিন কর্মী। অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাসপেন্ড হওয়া তিন জনের মধ্যে রয়েছেন এক কনস্টেবল, এক অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর (এএসআই) এবং পুলিশের গাড়ির এক চালক। তাঁরা সকলেই উত্তর কলকাতার শ্যামপুকুর থানায় কর্মরত ছিলেন এবং পিসিআর ভ্যানে দায়িত্ব পালন করতেন।

অভিযোগ, পিসিআর ভ্যানে টহলদারির সময় শ্যামপুকুর এলাকার কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে ভয় দেখিয়ে টাকা আদায় করেছিলেন ওই তিন পুলিশকর্মী। বিষয়টি নিয়ে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের কাছে অভিযোগ জমা পড়ার পর তদন্ত শুরু হয়। প্রাথমিক পর্যায়ে পিসিআর ভ্যানের জিপিএস তথ্য ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। তদন্তে অভিযোগের সমর্থনে একাধিক তথ্যপ্রমাণ মিলেছে বলে দাবি পুলিশের।

পুলিশ সূত্রে খবর, ২১ মে অভিযুক্তদের হাতিবাগান এলাকায় দায়িত্বে থাকার কথা থাকলেও দুপুরের দিকে তাঁরা নির্দিষ্ট এলাকা ছেড়ে অন্যত্র গিয়েছিলেন। এরপর কনস্টেবল গৌর ঘোষ, এএসআই শিবিরকুমার দলাই এবং গাড়ির চালক সত্তার আলিকে জিজ্ঞাসাবাদ করা হয়। জেরার সময় তাদের বক্তব্যে একাধিক অসঙ্গতি ধরা পড়ে বলে অভিযোগ। এরপরই তিন জনকে সাসপেন্ড করে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, নতুন সরকার ক্ষমতায় আসার পর দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই দুর্নীতির অভিযোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক রাজনৈতিক নেতা-কর্মী ও জনপ্রতিনিধির বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। সেই আবহেই এবার তোলাবাজির অভিযোগে কলকাতা পুলিশের তিন কর্মীর বিরুদ্ধে কড়া প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হল।


Share