SSKM Hospital

এসএসকেএম হাসপাতালে জাল ওপিডি টিকিট বানিয়ে দিয়ে টাকা! কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার তিন জন

হাসপাতাল সূত্রের খবর, রোগীর পরিবারের সদস্যদের লাইনের দাঁড়িয়ে থাকার সুযোগকে কাজে লাগিয়ে কেউ বা কারা তাঁদের এসে টিকিট তাঁরা করিয়ে দেবেন বলে আশ্বাস দিত। তাঁদের সেখান থেকে নিয়ে গিয়ে পাশের একটি জেরক্সের দোকানে নিয়ে যাওয়া হত।

এসএসকেএম হাসপাতালে টিকিট জালিয়াতির অভিযোগে তিন জন গ্রেফতার।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫৩

হাসপাতালের পিডির টিকিট জালিয়াতির অভিযোগে তিন জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। এসএসকেএম হাসপাতালে এমন ঘটনা পরে শোরগোল পড়ে গিয়েছে। ভবানীপুর থানায় পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার তাঁদের আলিপুর আদালতে হাজির করানো হবে।

এসএসকেএম হাসপাতালে ওপিডিতে ডাক্তার দেখানোর জন্য প্রতিদিন প্রচুর মানুষ আসেন। তার আগে রোগীর জন্য টিকিট কাটাতে হয়। তার জন‍্য লম্বা লাইন পড়ে যায়। হাসপাতাল সূত্রের খবর, রোগীর পরিবারের সদস্যদের লাইনের দাঁড়িয়ে থাকার সুযোগকে কাজে লাগিয়ে কেউ বা কারা তাঁদের এসে টিকিট তাঁরা করিয়ে দেবেন বলে আশ্বাস দিত। তাঁদের সেখান থেকে নিয়ে গিয়ে পাশের একটি জেরক্সের দোকানে নিয়ে যাওয়া হত।

হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, ওপিডির টিকিট করতে গেলে আধার কার্ড লাগে। কিন্তু ওপিডির টিকিটে আধার কার্ডের নম্বর এডিট করা হত। রোগীর নাম এডিট করে টিকিটের ওপরে বসিয়ে দেওয়া হত। চিকিৎসা করাতে আসা যাঁদের আধার কার্ড নেই, তাঁদের ক্ষেত্রে জাল নম্বর ব‍্যবহার করা হত। সেই টিকিট ব‍্যবহার করেই চিকিৎসা করিয়ে রোগী চলে যেত। টিকিট পাইয়ে দেওয়ার বদলে মোটা টাকা আদায় করা হত।

হাসপাতালের ভিতরে এমন কান্ড হচ্ছে তা জানতে পেরে এসএসকেএম হাসপাতালের এমএসভিপি ভবানীপুর থানার লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রের খবর, ঘটনায় বৃহস্পতিবার সকালে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম আরশাদ আলি, মহম্মদ শাহিদ এবং বিহিদ আহমেদ। এ দিন দুপুরে ধৃতদের আলিপুর আদালতে হাজির করানো হবে। ওই এলাকার একাধিক জেরক্সের দোকান পুলিশের নজরে রয়েছে বলেও জানা গিয়েছে। এই চক্রের আরও অনেকে জড়িত রয়েছে বলে পুলিশ মনে করছে।


Share