Writers Building

দেরিতে অফিস এলে আর রেহাই নয়! বিচার বিভাগে কড়াকড়ি শুরু, শীঘ্রই সব দফতরে নতুন নিয়মের ইঙ্গিত

সেখানে স্পষ্ট জানানো হয়েছে, সকাল ১০টা ১৫ মিনিটের মধ্যে সকলকে অফিসে উপস্থিত থাকতে হবে এবং বিকেল পাঁচটা ১৫ মিনিটের আগে অফিস ছাড়া যাবে না।

রাইটার্স বিল্ডিং
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ০৯:৪৭

সরকারি কর্মচারীদের দেরিতে অফিসে আসা বা সময়ের আগেই বেরিয়ে যাওয়ার প্রবণতা নিয়ে প্রায়ই লক্ষ্য করা যায়৷ এ নিয়ে একসময় নচিকেতার গান বেশ জনপ্রিয় হয়েছিল ‘১২টায় অফিস আসি, দু'টোয় টিফিন, তিনটেয় যদি দেখি সিগন্যাল গ্রিন...’। তবে সেই ‘স্বচ্ছন্দ’ কর্মসংস্কৃতিতে এ বার লাগাম টানতে উদ্যোগী হলো নতুন রাজ্য সরকার। পালাবদলের পর মঙ্গলবার থেকেই কড়া উপস্থিতি নীতি চালু করল রাজ্যের বিচার বিভাগ।

রাইটার্স বিল্ডিংসে কর্মরত বিচার বিভাগের সমস্ত কর্মীদের জন্য এ দিন নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে স্পষ্ট জানানো হয়েছে, সকাল ১০টা ১৫ মিনিটের মধ্যে সকলকে অফিসে উপস্থিত থাকতে হবে এবং বিকেল পাঁচটা ১৫ মিনিটের আগে অফিস ছাড়া যাবে না। সরকারের দাবি, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশাসনিক কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতেই এই পদক্ষেপ।

যদিও সরকারি দফতরে উপস্থিতির নির্দিষ্ট সময় আগে থেকেই ছিল, কিন্তু বাস্তবে তা নিয়ে বিশেষ কড়াকড়ি ছিল না বলেই অভিযোগ। দীর্ঘদিন ধরেই বিভিন্ন মহলে অভিযোগ উঠছিল, অনেক কর্মী নিয়মিত দেরিতে অফিসে আসছেন এবং ইচ্ছেমতো বেরিয়ে যাচ্ছেন। এর ফলে প্রশাসনিক কাজে প্রভাব পড়ার পাশাপাশি বদনাম হচ্ছিল গোটা সরকারি ব্যবস্থারই।

সরকারি সূত্রের খবর, এই ধরনের অনিয়ম রুখতেই এবার কঠোর অবস্থান নেওয়া হচ্ছে। আপাতত বিচার বিভাগে এই নিয়ম কার্যকর হলেও, ভবিষ্যতে অন্যান্য দপ্তরেও একই নিয়ম চালু হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকেই প্রশাসনে কর্মসংস্কৃতি ফেরানোর কথা বারবার তুলে ধরছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ‘আমি নয়, আমরা’ বার্তার পাশাপাশি সরকারি দফতরে শৃঙ্খলা ও দায়বদ্ধতা ফেরানো এখন সরকারের অন্যতম অগ্রাধিকার বলেই মনে করছে প্রশাসনিক মহল।


Share