Durga Puja

দুর্গাসপ্তমীর রাতে রাজ‍্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, পরে দিন যাবেন বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনে, আর কী কর্মসূচি অমিত শাহের?

পুজোয় দু’দিনের সফরে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ১৭ অক্টোবর রাতে কলকাতায় পৌঁছে ১৮ অক্টোবর বেলুড় মঠ, শোভাবাজার রাজবাড়ি-সহ একাধিক পুজো মণ্ডপে যাওয়ার কথা তাঁর।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৬ ১০:৪২

সব কিছু ঠিকঠাক থাকলে দুর্গাপুজোয় কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ বছর দু’দিন দুর্গাসপ্তমীর তিথি রয়েছে। দু’দিনের সফরেই তিনি কলকাতায় আসছেন বলে জানা গিয়েছে।

রাজ‍্য প্রশাসন সূত্রের খবর, আগামী ১৭ অক্টোবর প্রথম দুর্গাসপ্তমীর রাতে তিনি কলকাতায় আসবেন। ওই দিন রাত ৮টা নাগাদ আহমেদাবাদ থেকে সীমান্তরক্ষী বাহিনীর বিমানে তিনি কলকাতা বিমানবন্দরে নামবেন। সেখান থেকে সৌজন্য অতিতিশালায় চলে যাবেন। পরের দিন, ১৮ অক্টোবর, রবিবার সকালে তিনি সেখান থেকে সরাসরি বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনে চলে যাবেন। সেখানকার ঐতিহ্যবাহী দুর্গাপুজো তিনি দেখবেন। তার পরে বালি দেশবন্ধু মাঠের দুর্গাপুজো মন্ডপে চলে যাবেন। সেখান থেকে শোভাবাজার রাজবাড়ির পুজোতে আসবেন। সেখানে আরতি দেখবেন। সূত্রের খবর, সাবেকি পুজো দেখতে সেখানে তিনি প্রায় আধ ঘন্টা থাকতে পারেন। তার পরে সেখান থেকে শ্রীভূমির দুর্গাপুজো মন্ডপে যাবেন। সেখান থেকে কলকাতা বিমানবন্দর থেকে সীমান্তরক্ষী বাহিনী বিশেষ বিমানে করে দিল্লি বিমানবন্দর হয়ে কর্তব‍্য ভবনে যাবেন। 

এ বছরের ওই পুজোটি বিজেপি বিধায়ক সঞ্জয় সিংহের উদ্যোগে হচ্ছে বলে খবর। চলতি বছরের শেষের দিকে বা নতুন বছরের প্রথম দিকে হাওড়া পুরসভার নির্বাচন হবে। আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দুর্গাপুজোয় সফর হাওড়া থকে শুরু করা রাজনৈতিক ভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। 

পালাবদলের পরে মহালয়া উপলক্ষে ইডেন গার্ডেন্সে অনুষ্ঠান হয়েছে। এই অনুষ্ঠানে আসার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কিন্তু তিনি অজ্ঞাত কারণে আসেননি। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুর্গাপুজোতে আসছেন বলেই আপাতত জানা গিয়েছে। গত বছরেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছিল। সন্তোষ মিত্র স্কোয়ারে গিয়েছিলেন। গিয়েছিলেন ইজেডসিসির দুর্গাপুজোতে। তবে এ বারে তিনি ওই দু’টি দুর্গাপুজোতে যাচ্ছেন না।


Share