West Bengal Budget

এক লক্ষ সরকারি শূন্যপদে নিয়োগ করবে রাজ্য সরকার, অর্ধেকই শিক্ষা ক্ষেত্রে, নির্বাচনী প্রতিশ্রুতি রাখল রাজ‍্য সরকার

রাজ‍্য সরকারের বাজেট পড়ার সময় তিনি ঘোষণা করেন, রাজ‍্য সরকারি এক লক্ষ শূন্যপদ পূরণ করে দেওয়া হবে। তার মধ্যে ২০ হাজার পুলিশ বাহিনীতেই নিয়োগ হবে। এক লক্ষ শূন্যপদের ৫০ হাজার শিক্ষা দফতরের শিক্ষক, অশিক্ষক কর্মচারী এবং অধ‍্যাপক পদে নিয়োগ হবে।

বাজেট পেশ করলেন স্বপন দাশগুপ্ত।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ০২:২৭

রাজ‍্য সরকারের এক লক্ষ শূন্যপদ পূরণ করা হবে। তার মধ্যে অর্ধেক নিয়োগ হবে শিক্ষা ক্ষেত্রে। পুলিশ বাহিনীতে ২০ হাজার নিয়োগ করা হবে। নির্বাচনী প্রতিশ্রুতি রাখল রাজ‍্যের প্রথম বিজেপি পরিচালিত সরকার। সোমবার পূর্ণাঙ্গ বাজেট অধিবেশনে এমনটাই জানালেন রাজ‍্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।

রাজ‍্য সরকারের বাজেট পড়ার সময় তিনি ঘোষণা করেন, রাজ‍্য সরকারি এক লক্ষ শূন্যপদ পূরণ করে দেওয়া হবে। তার মধ্যে ২০ হাজার পুলিশ বাহিনীতেই নিয়োগ হবে। এক লক্ষ শূন্যপদের ৫০ হাজার শিক্ষা দফতরের শিক্ষক, অশিক্ষক কর্মচারী এবং অধ‍্যাপক পদে নিয়োগ হবে। দশ হাজার ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসের পদে নিয়োগ হবে। বাকি শূন্যপদগুলির মধ্যে অন‍্যান‍্য দফতরের থাকছে।  ১০ শতাংশ অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। যেখানে প্রয়োজ‍্য সেখানে তাঁদের নিয়োগ করা হবে বলে জানিয়েছে রাজ্য সরকার।

সরকারি এবং সরকার পোষিত বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির নিয়োগে যুবসমাজের আস্থা ফেরানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি জানিয়েছেন, নিয়োগের ক্ষেত্রে ইউপিএসসি-র ধাঁচে নিয়োগ প্রক্রিয়া হবে। তাতে স্বচ্ছতা বজায় থাকবে বলে মনে করছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। পাশাপাশি জনসাধারণের আস্থাও ফিরবে বলেই আশা করছে রাজ‍্য সরকার।

সরকারি সমস্ত চাকরির ক্ষেত্রে ৩৩ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে বলে রাজ্যের বাজেটে ঘোষণা করা হয়েছে। ঘোষণা করা হয়েছে, চাকরিতে বসার ঊর্ধ্বসীমাও। বিজেপির নির্বাচনী ঘোষণাপত্রে জানিয়েছিল, দুর্নীতির জন‍্য বেকার যুবকদের বয়স বেড়ে গিয়েছে। তাঁরা ক্ষমতায় আসার পরে বয়সের ঊর্ধ্বসীমা বাড়িয়ে দেওয়া হবে। রাজ‍্যের পূর্ণাঙ্গ বাজেটে জানানো হয়েছে, বয়সের ঊর্ধ্বসীমায় পাঁচ বছরের ছাড় দেওয়া হয়েছে। এই ছাড় আগামী দু’বছর বহাল থাকবে।

রাজ্যের অর্থ দফতরের অডিট শাখার জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রুপ এ চাকরিতে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা বৃদ্ধি করে ৪১ বছর করা হয়েছে। তবে এ-ও বলা হয়েছে, গ্রুপ এ-র কোনও চাকরির ক্ষেত্রে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা আগে থেকেই ৪১ বছরের বেশি থাকলে, তাতে কোনও বদল হবে না। গ্রুপ বি চাকরিতে আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা বৃদ্ধি করে ৪৪ বছর করা হয়েছে। গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরিতে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা বৃদ্ধি পেয়ে হল ৪৫ বছর। আগামী ১১ মে থেকেই এই নিয়ম কার্যকর হয়ে গিয়েছে।


Share