Manishankar Mukhopadhyay

থেমে গেল 'চৌরঙ্গীর' জীবন, প্রয়াত সাহিত্যিক মনিশংকর মুখোপাধ্যায়

বেশ কিছু দিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন সাহিত্যিক। তার মধ্যেই গত ডিসেম্বর মাসে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে গিয়েছিল মণিশংকরের। সেই সময়ে তাঁকে ভর্তি হতে হয়েছিল হাসপাতালে। অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন তিনি।

প্রয়াত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:২৭

প্রয়াত প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর। বার্ধক্যজনিত একাধিক শারীরিক সমস্যা নিয়ে দিন পনেরো আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বর্ষীয়ান সাহিত্যিক। সেই সময় খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল তাঁর। ঝিমিয়ে পড়েছিলেন তিনি। শুক্রবার বেলা পৌনে ১টা নাগাদ মৃত্যু হয় তাঁর।

বেশ কিছু দিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন সাহিত্যিক। তার মধ্যেই গত ডিসেম্বর মাসে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে গিয়েছিল মণিশংকরের। সেই সময়ে তাঁকে ভর্তি হতে হয়েছিল হাসপাতালে। অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন তিনি। এরপর ৪ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এত দিন সেখানেই চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার দুপুরে সেখানেই জীবনাবসান ঘটে সাহিত্যিকের।

সাহিত্যিকের মৃত্যুতে সকল স্তব্ধ লেখক জগত।  'চৌরঙ্গী' থেকে 'কত অজানারে', 'সীমাবদ্ধ' থেকে 'জন অরণ্য'—তাঁর কালজয়ী সৃষ্টিগুলি প্রজন্মের পর প্রজন্ম বাঙালি পাঠককে মুগ্ধ করেছে। এই ধরনের সাহিত্য আপামর বাঙালির কাছে অমূল্য সম্পদ। তাঁর লেখনীর আধারে উঠে এসেছে সাধারণ মানুষের জীবনসংগ্রামের না-বলা কথা।

১৯৩৩ সালের ৭ ডিসেম্বর অধুনা বাংলাদেশের যশোহর জেলায় জন্ম মণিশংকরের। আইনজীবী বাবা হরিপদ মুখোপাধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেই কলকাতায় চলে আসেন। হাওড়ায় তাদের পুরনো নিবাস ছিল। সেখানেই শংকরের বেড়ে ওঠা, লেখাপড়া। পরবর্তী কালে তিনি সাহিত্যচর্চার শুরুও এখান থেকেই। ১৯৫৫ সালে তাঁর প্রথম বই প্রকাশিত হয়। ‘কত অজানারে’ উপন্যাস লিখে জনপ্রিয়তা লাভ করেন। তাঁর উপন্যাস অবলম্বনে তৈরি ১৯৬৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘চৌরঙ্গী’ চলচ্চিত্র শংকরের জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেয়। এই ছবিতে উত্তমকুমারের অভিনয় আলাদা মাত্রা এনে দিয়েছিল। এ ছাড়াও তিনি লিখেছেন, ‘সীমাবদ্ধ’, ‘জন অরণ্য’, ‘চরণ ছুঁয়ে যাই’, ‘অচেনা অজানা বিবেকানন্দ’ ইত্যাদি। তাঁর ‘সীমাবদ্ধ’ ও ‘জন অরণ্য’ উপন্যাসদু’টির চিত্ররূপ দিয়েছিলেন সত্যজিৎ রায়।


Share