Kolkata Municipal Corporation

আরজি কর-কান্ডের মূল অভিযুক্ত সন্দীপ ঘোষের বাড়িতে বেআইনি নির্মাণের অভিযোগ, ভাঙার নির্দেশ দিল কলকাতা পুরসভা

অভিযোগ, বাড়ির ছাদে একটি নতুন অংশ বা ছোট পারগোলা তৈরি করা হয়। এছাড়াও লিফটের মেশিন রুমে ওঠার জন্য লোহার স্পাইরাল সিঁড়ি এবং দ্বিতীয় তলায় দরজার জায়গায় নতুন ইটের দেওয়াল নির্মাণ করা হয়েছিল।

কলকাতা পুরসভা
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২২ মে ২০২৬ ১১:৩২

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেফতার হওয়া প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-এর বেলেঘাটার বাড়ি নিয়ে বড় পদক্ষেপ করল কলকাতা পুরসভা। বাড়িতে বেআইনি নির্মাণের অভিযোগে ৪৫ দিনের মধ্যে সেই অংশ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, বেলেঘাটার বদন রায় লেনের ৮৩ নম্বর বাড়িতে অনুমোদন ছাড়াই একাধিক নির্মাণ করা হয়েছিল। অভিযোগ, বাড়ির ছাদে একটি নতুন অংশ বা ছোট পারগোলা তৈরি করা হয়। এছাড়াও লিফটের মেশিন রুমে ওঠার জন্য লোহার স্পাইরাল সিঁড়ি এবং দ্বিতীয় তলায় দরজার জায়গায় নতুন ইটের দেওয়াল নির্মাণ করা হয়েছিল। এই নির্মাণগুলি বিল্ডিং রুলস ২০০৯-এর ১৩৩ ও ১৩৪ নম্বর বিধি লঙ্ঘন করেছে বলে অভিযোগ।

এই বেআইনি নির্মাণের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন অংশুমান সরকার। পুরসভার পক্ষ থেকে নোটিস পাঠানো হয় এবং আধিকারিকরা সরেজমিনে গিয়ে নির্মাণ খতিয়ে দেখেন। শুনানিতে উভয় পক্ষ হাজির থাকার পর বিশেষ বিল্ডিং অফিসার এস বরাল নির্দেশ দেন, আদেশের কপি পাওয়ার ৪৫ দিনের মধ্যে বেআইনি অংশ ভেঙে ফেলতে হবে। পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে মিউনিসিপ্যাল বিল্ডিং ট্রাইবুন্যালে আবেদন করার সুযোগও রাখা হয়েছে।

উল্লেখ্য, আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে নামে সিবিআই। তদন্তে আর্থিক দুর্নীতির অভিযোগ সামনে আসার পর সেই মামলায় গ্রেফতার করা হয় সন্দীপ ঘোষকে। বর্তমানে তিনি জেলবন্দি। এদিকে বৃহস্পতিবারই আরজি করের ধর্ষণ ও খুনের মামলায় নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট।


Share