West Bengal Budget 2026

রাজ্যের লক্ষ লক্ষ প্রবীণ, বিধবা ও বিশেষভাবে সক্ষম নাগরিকদের জন্য সুখবর, বাজেটে ভাতা বৃদ্ধির ঘোষণা করল সরকার

সেই অনুযায়ী, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য প্রদত্ত ‘মানবিক ভাতা’ মাসিক ৫০০ টাকা করে বৃদ্ধি করা হবে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ০৪:৫৩

নতুন বিজেপি সরকারের ২০২৬ সালের পূর্ণাঙ্গ বাজেটে বিধবা, প্রবীণ এবং বিশেষভাবে সক্ষম নাগরিকদের জন্য বড় ঘোষণা করা হয়েছে। দীর্ঘদিন ধরে ভাতা বৃদ্ধির দাবির পর এ বার সামাজিক সুরক্ষা খাতে আর্থিক সহায়তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাজেট পেশ করে অর্থমন্ত্রী জানান, সমাজের সবচেয়ে অসুরক্ষিত ও প্রান্তিক অংশের মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। সেই অনুযায়ী, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য প্রদত্ত ‘মানবিক ভাতা’ মাসিক ৫০০ টাকা করে বৃদ্ধি করা হবে।

এর ফলে এতদিন যে সমস্ত বিধবা মহিলা ও প্রবীণ নাগরিক মাসে এক হাজার টাকা ভাতা পেতেন, আগামী দিনে তাঁরা মাসিক এক হাজার ৫০০ টাকা করে পাবেন। একইভাবে, বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য ‘মানবিক ভাতা’র পরিমাণও এক হাজার টাকা থেকে বাড়িয়ে এক হাজার ৫০০ টাকা করা হয়েছে।

পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর তথ্য অনুযায়ী, রাজ্যে প্রায় ৬০ লক্ষ বিশেষভাবে সক্ষম মানুষ রয়েছেন। তাঁদের সকলেই এই প্রকল্পের আওতায় উপকৃত হবেন বলে জানানো হয়েছে।

সরকারি সূত্রে খবর, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং মানবিক ভাতার অর্থ সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হবে। পাশাপাশি, নতুন উপভোক্তাদের নাম নথিভুক্ত করার জন্য আসন্ন ‘জনকল্যাণ শিবির’-এ আবেদন গ্রহণ করা হবে বলেও বাজেটে উল্লেখ করা হয়েছে।


Share