Arjun Singh

বাস সংকট দূর করাই প্রথম লক্ষ্য, বাড়বে ইলেকট্রিক বাসের সংখ্যাও, আশ্বাস পরিবহণমন্ত্রী অর্জুন সিংহের

অর্জুন সিংহ বলেন, ‘‘মানুষের সবচেয়ে বড় অভিযোগ বাসের অভাব। অনেক জায়গায় পর্যাপ্ত বাস পাওয়া যায় না। তাই প্রথম অগ্রাধিকার হবে বাসের সংখ্যা বাড়ানো। পাশাপাশি ইলেকট্রিক বাস পরিষেবার সম্প্রসারণেও জোর দিতে হবে।’’

পরিবহণমন্ত্রী অর্জুন সিংহ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১০ জুন ২০২৬ ০৯:০৭

অর্জুন সিংহের হাতে রাজ্যের পরিবহণ দফতরের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের পরই তিনি এসেছিলেন পরিবহণ দফতরে। সেখানে এসে তিনি জানিয়ে দিলেন, তাঁর প্রথম লক্ষ্য হবে রাজ্যে বাস পরিষেবার উন্নতি এবং রাস্তায় বাসের সংখ্যা বৃদ্ধি। একই সঙ্গে বৈদ্যুতিক বাস চালুর ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি।

অর্জুন সিংহ বলেন, ‘‘মানুষের সবচেয়ে বড় অভিযোগ বাসের অভাব। অনেক জায়গায় পর্যাপ্ত বাস পাওয়া যায় না। তাই প্রথম অগ্রাধিকার হবে বাসের সংখ্যা বাড়ানো। পাশাপাশি ইলেকট্রিক বাস পরিষেবার সম্প্রসারণেও জোর দিতে হবে।’’

নতুন দায়িত্ব পেয়ে অতীতের একটি ঘটনার কথাও স্মরণ করেন তিনি। প্রাক্তন বামফ্রন্ট সরকারের পরিবহণমন্ত্রী সুভাষ চক্রবর্তীর আমলে করা কিছু প্রশ্নের প্রসঙ্গ টেনে অর্জুন বলেন, ‘‘তখন আমি কিছু প্রশ্ন তুলেছিলাম। এখন এই দফতরের দায়িত্বে এসে সেই বিষয়গুলি খতিয়ে দেখব। পুরনো ফাইল পাওয়া গেলে বিষয়টি নিয়ে পরে বিস্তারিত বলব।’’

পরিবহণ দফতরের পাশাপাশি শ্রম দফতরের বিভিন্ন সমস্যা নিয়েও সরব হন তিনি। অভিযোগ করেন, ‘‘বিভিন্ন ডিপোর জমি বিক্রি করে দেওয়া হয়েছে। শ্রম দফতর দীর্ঘদিন অবহেলিত ছিল। আমি শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকেছি, তাই শ্রমিকদের সমস্যাগুলি খুব কাছ থেকে জানি। এখানে কাজ করার অনেক সুযোগ রয়েছে।’’

সরকারি বাস পরিষেবার বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন নতুন মন্ত্রী। তাঁর বক্তব্য, ‘‘সরকারি বাসের চালক ও কর্মীদের নানা সমস্যা রয়েছে। তেল চুরি থেকে শুরু করে বাস রাস্তায় না নামার মতো অভিযোগও রয়েছে। সব বিষয়ই গুরুত্ব দিয়ে দেখা হবে। আধিকারিকদের সঙ্গে আলোচনা করে একে একে সমস্যার সমাধানের চেষ্টা করা হবে।’’

অর্জুনের দাবি, সাধারণ মানুষের কাছ থেকে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে রাস্তায় সরকারি বাসের অপ্রতুলতা নিয়ে। নির্বাচনী প্রচারেও তাঁকে এই সমস্যা শুনতে হয়েছে। তবে মহিলাদের জন্য বিনামূল্যে বাসযাত্রা প্রকল্পকে তিনি সরকারের একটি সফল উদ্যোগ বলে উল্লেখ করেন।

অর্জুন সিংহের রাজনৈতিক জীবনও বেশ ঘটনাবহুল। ২০১৯ সালে মন্ত্রিত্ব না পাওয়ার ক্ষোভে তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন এবং ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হন। সেই সময় ভাটপাড়া বিধায়ক পদ থেকেও ইস্তফা দেন। পরবর্তীতে ভাটপাড়ার উপনির্বাচনে তাঁর ছেলে পবন সিংহের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী ছিলেন প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্র। ওই নির্বাচনে প্রায় ২১ হাজার ভোটে পরাজিত হন মদন, যার পর দুই নেতার সম্পর্কের অবনতি ঘটে।

তবে রাজনৈতিক সমীকরণ পরে বদলায়। ২০২২ সালে অর্জুন সিং ফের তৃণমূলে যোগ দিলে মদন মিত্রের সঙ্গে সম্পর্কও স্বাভাবিক হয়। কিন্তু ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে সাংসদ পদে টিকিট না পেয়ে তিনি আবার বিজেপিতে ফিরে যান। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নোয়াপাড়া কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে জয়ী হন অর্জুন। এরপরই তাঁকে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ দফতর, পরিবহণের দায়িত্ব দেওয়া হয়েছে।


Share