West Bengal Budget 2026

মেট্রো এ বার কলকাতার বাইরে! শিলিগুড়ি-জলপাইগুড়ি ও দুর্গাপুর-আসানসোল সংযোগে সমীক্ষার ঘোষণা, বাড়ছে নতুন রেকের চাহিদা

বাজেটে জানানো হয়েছে, এই দুই করিডরে মেট্রো রেল চালু করা কতটা বাস্তবসম্মত ও অর্থনৈতিকভাবে লাভজনক হবে, তা নির্ধারণ করতে একটি ‘টেকনো-ইকোনমিক স্টাডি’ করা হবে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ০২:৫৬

নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটেই উঠে এল রাজ্যের গণপরিবহণ ব্যবস্থাকে আরও বিস্তৃত করার পরিকল্পনা। কলকাতার গণ্ডি পেরিয়ে এবার শিলিগুড়ি-জলপাইগুড়ি এবং দুর্গাপুর-আসানসোল শিল্পাঞ্চলে মেট্রো পরিষেবা চালুর সম্ভাবনা খতিয়ে দেখার ঘোষণা করা হয়েছে। বাজেটে জানানো হয়েছে, এই দুই করিডরে মেট্রো রেল চালু করা কতটা বাস্তবসম্মত ও অর্থনৈতিকভাবে লাভজনক হবে, তা নির্ধারণ করতে একটি ‘টেকনো-ইকোনমিক স্টাডি’ করা হবে।

উল্লেখ্য, ২০১৪ সালে কেন্দ্রের ক্ষমতায় আসার পর থেকে কলকাতা মেট্রোর সম্প্রসারণে জোর দেওয়া হয়েছে। সম্প্রতি কলকাতা সফরে এসে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ‘১৯৭২ সাল থেকে পরের ৪২ বছরে কলকাতায় মাত্র ২৮ কিলোমিটার মেট্রোপথ তৈরি হয়েছিল। মোদী সরকার ক্ষমতায় আসার পর, ১২ বছরে কলকাতায় ৪৫ কিলোমিটার মেট্রোপথ তৈরি হয়েছে।’

এ দিকে, কলকাতা মেট্রোর চলমান সম্প্রসারণ প্রকল্পগুলির জন্য আধুনিক রেডিয়ো-সঙ্কেতভিত্তিক সিগন্যালিং ব্যবস্থার উপযোগী নতুন রেকের প্রয়োজনীয়তা বেড়েছে। বিশেষ করে নিউ গড়িয়া-বিমানবন্দর, নোয়াপাড়া-বিমানবন্দর এবং জোকা মেট্রো করিডরের জন্য অতিরিক্ত রেকের চাহিদা রয়েছে। মেট্রো সূত্রে জানা গিয়েছে, সবচেয়ে বেশি রেক প্রয়োজন হবে নিউ গড়িয়া-বিমানবন্দর লাইনের জন্য। সেই লক্ষ্যেই গত বছর আরভিএনএল আট কোচের ১০টি নতুন রেক কেনার জন্য দরপত্র আহ্বান করেছিল। তবে বিভিন্ন কারণে সেই দরপত্র পরে বাতিল করা হয়।


Share