Calcutta High Court

‘পুরো ঘটনাস্থল সিল করে রাখতে হবে', আরজি কর কাণ্ডে সিবিআইকে স্পষ্ট বার্তা কলকাতা হাই কোর্টের

মঙ্গলবার বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ সিবিআইকে জানায়, আরজি করের ঘটনাস্থল সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

কলকাতা হাই কোর্ট
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ০৪:০০

আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের সেমিনার হল-সহ তদন্তের জন্য প্রয়োজনীয় সমস্ত জায়গা সিল করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ সিবিআইকে জানায়, আরজি করের ঘটনাস্থল সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

২০২৪ সালের অগস্টে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য ছড়ায়। ওই মামলায় অভিযুক্ত সঞ্জয় রায়কে ইতিমধ্যেই আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। তবে তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে ফের আদালতের দ্বারস্থ হয়েছে নির্যাতিতার পরিবার।

মঙ্গলবারের শুনানিতে আদালত সিবিআইয়ের কাছে জানতে চায়, ঘটনাস্থলের সিল এখনও অক্ষত রয়েছে কি না। সিবিআই জানায়, সেমিনার হল এখনও সিল করা রয়েছে। যদিও নির্যাতিতার পরিবারের দাবি, হাসপাতালের সপ্তম তলায় তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের অফিস খোলা রয়েছে।

এর পরেই ডিভিশন বেঞ্চ প্রশ্ন তোলে, তদন্তের স্বার্থে অন্য কোনও অংশ সিল করার প্রয়োজন মনে হয়নি কেন। আদালতের পর্যবেক্ষণ, আরজি করের ঘটনাস্থল সম্পূর্ণভাবে সিল করে রাখা উচিত। মামলার পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার।

উল্লেখ্য, এর আগে এই মামলা থেকে সরে দাঁড়িয়েছিল কলকাতা হাই কোর্টের তিনটি বেঞ্চ। গত ১২ মে বিচারপতি রাজশেখর মান্থা এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ দ্রুত শুনানির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে মামলা ছেড়ে দেয়। পরে প্রধান বিচারপতি সুজয় পাল জানান, নির্যাতিতার পরিবারের আবেদনগুলির শুনানি নতুন বেঞ্চে হবে। বর্তমানে মামলাটি বিচারপতি সরকার ও বিচারপতি ঘোষের ডিভিশন বেঞ্চে চলছে।


Share