2026 Assembly Election

ভোটার স্লিপ বিলিতে কড়া কমিশন, বাড়ি বাড়ি পৌঁছতেই হবে, না হলে বিএলও-র বিরুদ্ধে গ্রহণ হবে কড়া পদক্ষেপ

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, বিএলও-দের কমিশনের লোগো দেওয়া ভোটার স্লিপ বাড়ি বাড়ি বিলি করতে হবে। সেই স্লিপে ভোটারের নাম, বয়স, ঠিকানা, এপিক নম্বর, পার্ট নম্বর ও বুথ নম্বর এবং যে বুথে তিনি ভোট দেবেন তার নাম লেখা থাকবে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ০২:২৮

২০২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেই এ বার ভোটার স্লিপ বিলি নিয়ে আরোও কড়া পদক্ষেপ গ্রহণ করল নির্বাচন কমিশন। শনিবারই এসআইআর শুনানির শেষ দিন। কিন্তু এখনোও কিছু জায়গায় বাকি শুনানির কাজ। সেকারণেই ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা বের হবে কিনা সেই নিয়ে সংশয় রয়েই গিয়েছে। এরই মাঝে ফের একবার ভোটার স্লিপ সংক্রান্ত নতুন নির্দেশিকা নিয়ে আসা হলো বিএলও-দের জন্য।

পশ্চিমবঙ্গে এসআইআর-এর কাজ শুরুর পর থেকেই দেখা গিয়েছে, বিভিন্ন সময়ে বিএলও-রা কমিশনের বিপক্ষে মুখর হয়েছেন। কখনও তাঁরা অত্যাধিক চাপের অভিযোগ তুলেছেন আবার কখনও বা পারিশ্রমিক না মেলার অভিযোগ নিয়ে কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। বিএলও অধিকার রক্ষা মঞ্চের তরফ থেকে সিইও-কে ডেপুটেশনও দেওয়া হয়েছে। এ বার বিএলও-দের জন্য ভোটার স্লিপ সংক্রান্ত নতুন নির্দেশিকা নিয়ে আসা হল।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, বিএলও-দের কমিশনের লোগো দেওয়া ভোটার স্লিপ বাড়ি বাড়ি বিলি করতে হবে। সেই স্লিপে ভোটারের নাম, বয়স, ঠিকানা, এপিক নম্বর, পার্ট নম্বর ও বুথ নম্বর এবং যে বুথে তিনি ভোট দেবেন তার নাম লেখা থাকবে। ২০১৮ সালে কমিশনের জারি করা নির্দেশিকায় বলা হয়, বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ বিলি করার দায়িত্ব বিএলও-দের। তবে, এই নির্দেশিকা জারি হলেও, ভোটের সময়ে সেই অর্থে মান্যতা পায়নি। সাধারণত দেখা যায়, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাই এই ভোটার স্লিপ বিলি করে থাকেন।

তবে বিধানসভা নির্বাচনের কাজে স্বচ্ছতা বজায় রাখতে এ বার কমিশন নিজেদের জারি করা নির্দেশিকাকেই প্রাধান্য দেবে। যদি কোনও ভোটারকে তাঁর সংশ্লিষ্ট বুথের বিএলও বাড়ি গিয়ে ভোটার স্লিপ না দিয়ে আসেন, সে ক্ষেত্রে উক্ত ভোটার ১৯৫০ নম্বরে কল করে কমিশনে ওই বিএলও-দের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যেই কমিশন সেই বিএলও-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে।


Share