Assembly Election

ভোটের গণনা কেন্দ্র নিয়ে চূড়ান্ত প্রস্তুতি সেরে ফেলল কমিশন, প্রায় দেড়শোটি কেন্দ্রে তালিকা নির্বাচন কমিশনে পাঠাল সিইও দফতর

শুধু গণনা কেন্দ্র নির্ধারণই নয়, কোন কেন্দ্রে কত রাউন্ডে গণনা হবে তার পরিকল্পনাও ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। নির্বাচন কমিশনের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসবে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫৮

ইভিএম ও ভিভিপ্যাট প্রস্তুতির পর এবার গণনা কেন্দ্র নিয়েও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর চূড়ান্ত ধাপ সেরে ফেলল। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরকদমে প্রস্তুতি চলছে। সেই প্রস্তুতির অংশ হিসেবেই রাজ্যে এখনও পর্যন্ত ১৫০টি গণনা কেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। বুধবার এই কেন্দ্রগুলির তালিকা নির্বাচন কমিশনের কাছে পাঠানো হবে। সূত্রের খবর, কমিশনের অনুমোদন মিললেই কেন্দ্রগুলিকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার কাজ শুরু হবে।

শুধু গণনা কেন্দ্র নির্ধারণই নয়, কোন কেন্দ্রে কত রাউন্ডে গণনা হবে তার পরিকল্পনাও ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। নির্বাচন কমিশনের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসবে। সেই পরিদর্শন শেষ হলে, সম্ভবত মার্চের শেষ সপ্তাহের মধ্যেই বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হতে পারে।

আগাম প্রস্তুতিতে নির্বাচন কমিশন কোনও খামতি রাখতে চাইছে না। ইভিএম, ভিভিপ্যাট এবং বুথের সংখ্যা প্রায় চূড়ান্ত। এতদিন বাকি ছিল শুধু গণনা কেন্দ্রের সংখ্যা নির্ধারণ সেটিও এখন ঠিক করে কমিশনের অনুমোদনের জন্য পাঠানো হচ্ছে। অনুমোদন মিললেই ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ শুরু করবে।


Share