Taratala Incident

তারাতলার ঘটনায় মৃতের সংখ্যা তিন থেকে বেড়ে দাঁড়াল পাঁচ জনে, থানায় তিন জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ

নিহত শ্রমিকদের মধ্যে একজনের পরিবারের অভিযোগের ভিত্তিতে গুদাম মালিকপক্ষের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে লালবাজার।

তারাতলার ঘটনায় মৃত পাঁচ।
নিজস্ব সংবাদদাতা, তারাতলা
  • শেষ আপডেট: ২৪ জুন ২০২৬ ১০:২৫

তারাতলার গুদামে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বাড়ল। তিন থেকে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ জনে। পুলিশ সূত্রের খবর, নিহত শ্রমিকের একজনের পরিবারের অভিযোগের ভিত্তিতে গুদাম মালিকপক্ষের বিরুদ্ধে এফআইআর দায়ের করার প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হবে। ইতিমধ্যেই তিন জনকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

লালবাজার সূত্রে জানা গিয়েছে, গুদাম নির্মাণের প্ল্যান ও ম্যাপ-সমেত গুরুত্বপূর্ণ নথি তদন্তকারীদের হাতে এসেছে। সেই নথি খতিয়ে দেখে নির্মাণের অনুমোদন সংক্রান্ত তথ্য যাচাই করা হচ্ছে। একই সঙ্গে দুর্ঘটনার নেপথ্যে কোনও গাফিলতি বা বেআইনি নির্মাণ ছিল কি না, তা-ও খতিয়ে দেখছে কলকাতা পুরসভা।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই নির্মাণের অনুমোদন দিয়েছিল কলকাতা পুরসভা। কীভাবে এই নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছিল, কারা সেই অনুমোদনের সঙ্গে যুক্ত ছিলেন এবং কোনও নিয়মভঙ্গ হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট ব্যক্তিদের একটি তালিকা তৈরির কাজ শুরু করেছে লালবাজার।

তদন্তকারীরা জানিয়েছেন, অনুমোদন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কলকাতা পুরসভার আধিকারিকদের ভূমিকা খতিয়ে দেখা হবে। তদন্তে যাঁদের নাম উঠে আসবে, তাঁদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে। দুর্ঘটনার জন্য দায় নির্ধারণ করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপের প্রস্তুতিও শুরু হয়েছে।


Share