Drowning

দীর্ঘ সাত বছর সাঁতার জানার পরেও বিপদ, কলকাতার নামী সুইমিং পুলে ডুবে মৃত্যু কিশোরের

মৃতের নাম সরিপ ঘোষ। তিনি সাঁতার জানতেন বলে পরিবার জানিয়েছে। ঢাকুরিয়ার একটি সুইমিং পুলে ঘটনাটি ঘটেছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬ ০২:১২

দীর্ঘ সাত বছর সাঁতার জানত। তবুও সুইমিং পুলের জলে মৃত্যু হল এক কিশোরের। খাস কলকাতায় নামী সুইমিং পুলে সাঁতার কাটতে নেমে বিপত্তি। ঢাকুরিয়ার একটি সুইমিং ক্লাবে শুক্রবার ঘটনাটি ঘটে। মৃত পড়ুয়ার নাম সরিপ ঘোষ। বয়স আনুমানিক ১৬ বছর। সে শহরের একটি নামী স্কুলের একাদশ শ্রেণির ছাত্র ছিল।

জানা গিয়েছে, সরিপ প্রায় সাত বছর ধরে নিয়মিত সাঁতার কাটত। এলাকায় এবং পরিচিত মহলে ভালো সুইমার হিসেবেই তার পরিচিতি ছিল। শুক্রবারও নিয়ম মেনেই ঢাকুরিয়ার ওই সুইমিং পুলে সে সাঁতার কাটতে নামে। কিছু ক্ষণ পর আচমকাই কিশোর জলের মধ্যে তলিয়ে যেতে শুরু করে। তবে প্রথম দিকে বিষয়টি কারও নজরে আসেনি বলে জানা যাচ্ছে।

প্রায় ১৫ মিনিট পর সরিপকে জলে তলিয়ে যাওয়া অবস্থায় দেখতে পাওয়া যায়। এরপর তাকে দ্রুত জল থেকে উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

সাত বছর ধরে সাঁতার শেখা এবং নিয়মিত সাঁতার কাটার অভিজ্ঞতা থাকা সত্ত্বেও কীভাবে সরিপ জলে তলিয়ে গেল, তা নিয়েই এখন একাধিক প্রশ্ন উঠছে। পরিবারের তরফেও সুইমিং পুল কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে অভিযোগ তোলা হয়েছে বলে জানা গিয়েছে।

ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, সাঁতার কাটার সময় নজরদারিতে কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


Share