Mysterious Death

রিহ্যাবে নিয়ে যাওয়ার পথেই ১৭ বছরের কিশোরের মৃত্যু! মারধরের অভিযোগে চার কর্মী গ্রেফতার, খুনের মামলা রুজু করল পুলিশ

পথেই অসুস্থ হয়ে পড়ে ওই কিশোর, পরে তাঁর মৃত্যু হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে রিহ্যাবের চার কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২০ জুলাই ২০২৬ ০৯:৫৯

কলকাতার বাঁশদ্রোণী থানা এলাকায় ১৭ বছরের এক কিশোরের অস্বাভাবিক মৃত্যু। অভিযোগ, গাড়িতে করে তাকে হরিদেবপুরের একটি পুনর্বাসনকেন্দ্রে নিয়ে যাওয়ার সময় মারধর করা হয়। পথেই অসুস্থ হয়ে পড়ে ওই কিশোর, পরে তাঁর মৃত্যু হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে রিহ্যাবের চার কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

পরিবারের দাবি, কিশোরটি দীর্ঘদিন ধরে জটিল মানসিক সমস্যায় ভুগছিল এবং মাঝেমধ্যেই হিংস্র আচরণ করত। সম্প্রতি আচরণ আরও অস্বাভাবিক হয়ে ওঠায় পরিস্থিতি সামাল দিতে হরিদেবপুরের একটি পুনর্বাসনকেন্দ্রের সঙ্গে যোগাযোগ করেন পরিবারের সদস্যরা। এরপর রিহ্যাবের কর্মীরা তাকে নিয়ে যাওয়ার সময়ই এই ঘটনা ঘটে বলে অভিযোগ। তদন্ত শুরু করেছে পুলিশ।

রবিবার কিশোরকে হরিদেবপুরের একটি রিহ্যাব সেন্টারে নিয়ে যেতে চার কর্মী বাড়িতে আসেন। তাঁরা কিশোরকে একটি গাড়িতে তুলে রওনা দেন। পিছনে অন্য একটি গাড়িতে কিশোরের বাবা যাচ্ছিলেন। অভিযোগ, কিছু দূর যাওয়ার পর রিহ্যাবের কর্মীরা পরিবারের সদস্যদের জানান, কিশোর গাড়ির মধ্যেই অচৈতন্য হয়ে পড়েছে। এরপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

কিশোরের মায়ের অভিযোগ, রিহ্যাবের চার কর্মী তাঁকে মারধর করেছিলেন, যার জেরেই মৃত্যু হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ খুনের মামলা রুজু করে চার অভিযুক্ত কর্মীকেই গ্রেফতার করেছে।


Share