Chief Minister

রাজ‍্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পরিষদীয় বৈঠকে সিদ্ধান্ত জানালেন অমিত শাহ

প্রত‍্যাশা মতোই রাজ‍্যের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীকে বেছে নেওয়া হল। ২০২১ সালে তিনি নন্দীগ্রাম কেন্দ্র থেকে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন। এই নির্বাচনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘর, ভবানীপুরে এসে হারিয়ে দিয়েছেন।

শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৮ মে ২০২৬ ০৭:৫৮

রাজ‍্যের প্রথম বিজেপি সরকারের মুখ‍্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। সন্ধ্যায় পরিষদীয় দলের বৈঠকে এমনটাই সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্তের কথা পর্যবেক্ষক তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দিয়েছেন। শাহ জানান, মুখ্যমন্ত্রীর পদের জন‍্য আরও নাম চাওয়া হয়েছিল। কিন্তু আর কোনও নাম জমা পড়েনি। তাই বিজেপি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন‍্য শুভেন্দু অধিকারীকে বেছে নেওয়া হয়েছে।

প্রত‍্যাশা মতোই রাজ‍্যের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীকে বেছে নেওয়া হল। ২০২১ সালে তিনি নন্দীগ্রাম কেন্দ্র থেকে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন। এ বারের নির্বাচনে তিনি জোর দিয়ে বলেছিলেন। হারিয়েও দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।  ভবানীপুরে এসে ১৫ হাজারের বেশি ভোটে তিনি হারিয়ে দিয়েছেন। তাই তাঁকেই যে মুখ‍্যমন্ত্রী করা হবে তা নিয়ে কার্যত নিশ্চিত ছিল।

শুক্রবার পরিষদীয় দলের বৈঠকে তাঁর নাম মুখ্যমন্ত্রী পদের জন্য প্রস্তাব করা হয়। মন্ত্রীসভায় আর কে কে থাকবেন তা-ও প্রস্তাব করা হয়। তাতে বাকিদের সমর্থন পাওয়ার পরে অমিত শাহ শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন। এই মুখ‍্যমন্ত্রী পদের জন্য আর কারোর নাম প্রস্তাব করা হয়নি। তাই তিনি রাজ্যের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হতে চলেছেন।

এ দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “পশ্চিমবঙ্গের কোটি কোটি মানুষকে আমি প্রণাম জানাচ্ছি। যে ভাবে আপনারা লড়াই করেছেন, তা না হলে এত বিপুল মানুষের ভোটদান অসম্ভব ছিল। মানুষ ভয়মুক্ত হয়ে আমাদের যেভাবে ভোট দিয়েছে, সবাইকে প্রমাণ জানাই। আপনারা যে আশায় জন্য আমাদের ভোট দিয়েছেন, তা পূরণের লক্ষ্য আমাদের।”

প্রথমে কমিউনিস্টরা, পরে তৃণমূল যেভাবে বঞ্চনা করেছে, তা পাঁচ দশক ধরে মানুষের কাছে দুঃস্বপ্নের মতো ছিল বলে জানিয়েছেন অমিত শাহ। তিনি বলেন, “আমাদের ৩৪১ জন বিজেপি কর্মী রক্ত দিয়েছেন। সারা দেশে এত জায়গায় ঘুরেছি। কিন্তু এ রকম তান্ডব আমি কখনও দেখিনি। আপনাদের বলিদান ভারতকে আরও সুরক্ষিত করবে। যত অসম্ভব ছিল, তা সম্ভব করা হবে।”

শাহ আরও বলেন, যে রায় আমাদের দিয়েছেন, তা নিয়ে আমার কোনও বলার ভাষা নেই। ন’টি জেলায় দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) খাতা খুলতে পারেনি। বিরোধী দল হয়ে এমন ফল আমি অন্তত আগে কখনও দেখিনি। কোথাও কোনও ছাপ্পা হয়নি। কোথাও বুথ ক‍্যপচার হয়নি।”

এ ছাড়াও, মমতা বন্দ্যোপাধ্যায়কে নাম না করে আক্রমণ করে বলেন, “ভবানীপুরের জনতাকেও ধন্যবাদ। আপনাকে ঘরে এসে হারিয়ে দিয়েছে। একটা ইন্টারভিউ দেখছিলাম, তিনি নন্দীগ্রামে হারাতে গিয়েছিলেন। সেখানেও হেরে গিয়েছিলেন। এখন নিজের কেন্দ্রেই হেরে গিয়েছেন।”


Share