Suvendu Adhikari

‘যাদের প্রয়োজন, তাদের পাশেই সরকার’, পুজো কমিটিগুলিকে অনুদান নিয়ে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

তাঁর কথায়, ‘সামান্য সরকারি অর্থ যাদের প্রয়োজন নেই, তাদের অনুদান দেওয়ার প্রয়োজন নেই। যাদের অর্থের প্রয়োজন, যারা অর্থ ছাড়া পুজো করতে পারবে না, তাদের পাশে সরকার থাকবে। আরও বেশি সংখ্যক দুর্গাপুজো হবে।’

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ০৮:৩৫

কলকাতা ও শহরতলির দুর্গাপুজো কমিটিগুলিকে সরকারি অনুদান দেওয়ার প্রথা চালু করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছরই সেই অনুদানের পরিমাণ বেড়েছে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর প্রশ্ন উঠেছিল, নতুন সরকার কি সেই অনুদান চালু রাখবে? শুক্রবার সেই প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী জানান, দুর্গাপুজো কমিটিগুলিকে অনুদান দেওয়ার বিষয়টি প্রয়োজনের ভিত্তিতে বিবেচনা করা হবে। তাঁর কথায়, ‘সামান্য সরকারি অর্থ যাদের প্রয়োজন নেই, তাদের অনুদান দেওয়ার প্রয়োজন নেই। যাদের অর্থের প্রয়োজন, যারা অর্থ ছাড়া পুজো করতে পারবে না, তাদের পাশে সরকার থাকবে। আরও বেশি সংখ্যক দুর্গাপুজো হবে।’

উল্লেখ্য, ২০১৮ সালে প্রথমবার দুর্গাপুজো কমিটিগুলিকে সরকারি অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তখন প্রতিটি কমিটিকে ১০ হাজার টাকা করে দেওয়া হয়। পরবর্তী সময়ে ধাপে ধাপে সেই অনুদানের অঙ্ক বৃদ্ধি পায়। গত বছর রাজ্যের পুজো কমিটিগুলিকে এক লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছিল। পাশাপাশি বিদ্যুতের বিলেও ৮০ শতাংশ পর্যন্ত ছাড় ঘোষণা করা হয়েছিল।

তবে এ বছরের অনুদান নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু বলেন, ‘এই বিষয় নিয়ে আমরা এখনও আলোচনা শুরু করিনি। তথ্য সংস্কৃতি দফতর আমার হাতে আছে। আমার সঙ্গে রাষ্ট্রমন্ত্রী আছেন। আমি নিশ্চয়ই আলাপ আলোচনা করব।’ পুজোর আগেই এই বিষয়টি নিয়ে নির্দিষ্ট সিদ্বান্ত নেওয়া হবে বলে মনে করা হচ্ছে।


Share