Supreme Court

‘লিপস অ্যান্ড বাউন্ডস’ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে তদন্ত, সুমিত রায়ের মামলায় ৩০ কোটির লেনদেনের দাবি আইনজীবী তুষার মেহতার

এর পরেই প্রশ্ন উঠছে, ওই রাজনৈতিক দল কি তৃণমূল কংগ্রেস? কারণ, ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা। শুনানিতে এই সংস্থার নাম উঠে আসতেই সুপ্রিম কোর্ট তদন্তের গতি এবং অগ্রগতি নিয়ে প্রশ্ন তোলে।

সুপ্রিম কোর্ট।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ৩১ আগস্ট ২০২৬ ০৬:২২

সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের আগাম জামিনের মামলার শুনানিতে উঠে এল ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর প্রসঙ্গ। সুমিতের বিরুদ্ধে তদন্ত চলছে বলে আদালতে দাবি করেছে রাজ্য। তদন্তে একটি রাজনৈতিক দলের অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকার লেনদেনের তথ্য পাওয়া গিয়েছে বলেও জানানো হয়। শুধু তাই নয়, ওই রাজনৈতিক দলের সঙ্গে ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর প্রায় ৩০ কোটি টাকার লেনদেনের তথ্যও তদন্তে উঠে এসেছে বলে সুপ্রিম কোর্টে বিস্ফোরক দাবি রাজ্যের। এর পরেই প্রশ্ন উঠছে, ওই রাজনৈতিক দল কি তৃণমূল কংগ্রেস? কারণ, ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা। শুনানিতে এই সংস্থার নাম উঠে আসতেই সুপ্রিম কোর্ট তদন্তের গতি এবং অগ্রগতি নিয়ে প্রশ্ন তোলে।

জমি দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের নাম জড়িয়েছে। গত কয়েক দফায় রাজ্যের গোয়েন্দারা তাঁকে জিজ্ঞাসাবাদ করেছেন। সোমবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হয়। এ দিন শীর্ষ আদালত সুমিতের উপর থাকা রক্ষাকবচ আগামী সোমবার পর্যন্ত বহাল রাখল। একইসঙ্গে, তাঁকে জিজ্ঞাসাবাদের সময় কী কী তথ্য উঠে এসেছে, তার লিখিত নথিও আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুনানিতে ফের সুমিতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে আদালতে জানান সলিসিটর জেনারেল তুষার মেহতা। রাজ্যের হয়ে সওয়াল করতে গিয়ে তিনি দাবি করেন, তদন্তে লক্ষ লক্ষ টাকার আর্থিক লেনদেনের তথ্য সামনে এসেছে। একটি রাজনৈতিক দলের অ্যাকাউন্টে সেই টাকা জমা পড়েছিল বলেও তিনি জানান। তুষার মেহতার বক্তব্য, ওই রাজনৈতিক দলের সঙ্গে ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর প্রায় ৩০ কোটি টাকার লেনদেনের তথ্যও তদন্তে উঠে এসেছে। সেই আর্থিক লেনদেনের বিষয়টিই খতিয়ে দেখা হচ্ছে বলে আদালতে জানান তিনি। এ দিনের শুনানিতে তুষার মেহতা আরও জানান, এসএসসি দুর্নীতি মামলাতেও ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর বিরুদ্ধে ইতিমধ্যেই চার্জশিট জমা পড়েছে।

যদিও এই বিষয়ে পালটা প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। পর্যবেক্ষণে বিচারপতি বলেন, ”কলকাতা হাই কোর্টের একাধিক বিচারপতি লিপস অ্যান্ড বাউন্ডসের বিরুদ্ধে তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ইডির তদন্তের ইচ্ছা ছিল কি না, সে নিয়েও প্রশ্ন ওঠে।” বিচারপতি তদন্তের গতি নিয়েও প্রশ্ন তোলেন। এমনকি তদন্ত ধীরগতিতে চলছে বলেও মন্তব্য করেন তিনি। পালটা সলিসিটর জেনারেল দাবি করেন, এখনও পর্যন্ত তদন্তে যে তথ্য উঠে এসেছে, তা আসলে ‘হিমশৈলের চূড়া’। সুমিত রায়কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে আরও বহু তথ্য সামনে আসবে বলেও তিনি আদালতে জানান। যদিও পালটা সুমিত রায়ের আইনজীবীর দাবি, ”আমার মক্কেলের সই করা একটিও নথি তদন্তে দেখানো হয়নি। ১১ দিন ধরে জিজ্ঞাসাবাদেও লেনদেন সংক্রান্ত সঠিক প্রশ্ন করা হয়নি।” যদিও এই সংক্রান্ত পালটা ভিডিয়ো আদালতকে তারা জমা দিতে পারবেন বলেও জানান সলিসিটর জেনারেল।


Share