Sumit Roy

গা-ঢাকা অভিষেকের ঘনিষ্ঠ সুমিত! হাই কোর্টে মিলল না স্বস্তি, জমি দুর্নীতি মামলায় আগাম জামিনের আর্জি খারিজ করল হাই কোর্ট

সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দেন। ফলে ওই মামলায় সুমিত রায়ের গ্রেফতারে আর কোনও আইনি বাধা রইল না।

সুমিত রায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৩ আগস্ট ২০২৬ ০৬:৩৮

জমি দুর্নীতি মামলায় আগাম গ্রেফতারি এড়াতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী সুমিত রায়। সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দেন। ফলে ওই মামলায় সুমিত রায়ের গ্রেফতারে আর কোনও আইনি বাধা রইল না। তবে পৃথক একটি মামলায় শর্তসাপেক্ষে তাঁকে আগাম জামিনের সুরক্ষা দিয়েছে আদালত।

পশ্চিম মেদিনীপুরের শালবনিতে সরকারি জমি জাল নথির সাহায্যে দখল করে বিক্রির অভিযোগে অভিযুক্ত সুমিত। তদন্তকারীদের দাবি, মোটা অঙ্কের টাকার বিনিময়ে সরকারি জমি বিক্রি করা হত এবং সেই কাজে ভুয়ো নথি তৈরি করা হত। অভিযোগ, পুরো চক্রটি পরিচালিত হত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক ঘনিষ্ঠ সহযোগীর মদতেই। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। সুমিতের খোঁজে একাধিক সম্ভাব্য ঠিকানায় তল্লাশি চালানো হলেও তাঁর সন্ধান মেলেনি। এরপর পুলিশ আদালতের দ্বারস্থ হয়। পুলিশের আবেদনের প্রেক্ষিতে মেদিনীপুরের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত সুমিতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এর পরই সুমিত তাঁর আইনজীবীর মাধ্যমে কলকাতা হাই কোর্টে আগাম জামিনের আবেদন জানান।

সুমিতের পক্ষের আইনজীবী অয়ন ভট্টাচার্য মামলাটির জরুরি শুনানির আবেদন জানিয়ে বেঞ্চ পরিবর্তনের আর্জি করেছিলেন। তবে হাই কোর্ট সেই আবেদন আগেই খারিজ করে দেয়। আদালত স্পষ্ট জানায়, সুমিতের আগাম জামিনের আবেদন নিয়মিত বেঞ্চেই শুনানি হবে। সেই অনুযায়ী বিচারপতি ঘোষের এজলাসে মামলার শুনানি হয়। সোমবার শুনানি শেষে বিচারপতি ঘোষ সুমিতের আগাম জামিনের আবেদন খারিজ করে দেন।

জমি দুর্নীতি মামলায় নাম জড়ানোর পর থেকেই সুমিত কার্যত গা-ঢাকা দিয়েছেন। গত কয়েক দিন ধরে তদন্তকারীরা তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছেন। তবে এখনও পর্যন্ত অভিষেকের ঘনিষ্ঠ এই সহায়কের সন্ধান মেলেনি। মোবাইলের লোকেশন ট্র্যাক করে প্রথমে কলকাতার কালীঘাটে অভিষেকের বাড়িতে পৌঁছোয় শালবনি থানার পুলিশ। দীর্ঘক্ষণ অপেক্ষার পর বাড়ির তালা ভেঙে ভিতরে ঢুকে তল্লাশি চালানো হয়। একই দিনে হুগলির শ্রীরামপুরে সুমিতের শ্বশুরবাড়িতেও পুলিশ অভিযান চালায়। কিন্তু দুই জায়গাতেই তাঁর কোনও খোঁজ মেলেনি।

অন্য দিকে, ডেবরার একটি চাকরি-দুর্নীতি মামলাতেও সুমিতের নাম উঠে আসে। সেই মামলায় আগাম জামিনের আবেদন জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সোমবার বিচারপতি ঘোষ শর্তসাপেক্ষে তাঁর সেই আবেদন মঞ্জুর করেন। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ১০ দিনের মধ্যে সুমিতকে তদন্তকারী আধিকারিকের সামনে হাজিরা দিতে হবে। পাশাপাশি, ভবিষ্যতে তদন্তের স্বার্থে ডাকা হলে তাঁকে প্রতিবারই তদন্তকারীদের সামনে উপস্থিত থাকতে হবে।


Share