Sujit Bose Arrested

কেউ দিয়েছেন টাকা, কেউ দিয়েছেন জমি, পুরনিয়োগ দুর্নীতি মামলায় বিস্ফোরক অভিযোগ সুজিত বসুর বিরুদ্ধে

জানা গিয়েছে, তাঁর ইতিমধ্যেই শারীরিক পরীক্ষা করা হয়েছে। তাঁকে রাতে ইডির হেফাজতে রাখা হবে। আগামীকাল, মঙ্গলবার সকালে আবার শারীরিক পরীক্ষা করা হবে। তারপরে কলকাতার বিচারভবনে বিশেষ আদালতে হাজির করানো হবে।

পুরনিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার সুজিত বসু।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ মে ২০২৬ ১২:০২

চাকরি দিতে কেউ দিয়েছেন টাকা। আবার কেউ দিয়েছেন জমি। সেই জমিতে বেআইনি ভাবে বাড়ি তৈরি করেছেন রাজ‍্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। অভিযোগ, মঙ্গলবার জিজ্ঞাসাবাদের সময় সেই সমস্ত নথি সুজিতের সামনে রাখা হয়। কিন্তু তা নিয়ে যে জবাব তিনি দিয়েছে তাতে সন্তুষ্ট হয়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আধিকারিকেরা। তদন্তে অসহযোগিতা করেছেন। তাই তাঁকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

সোমবার সাড়ে ১০টা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান তৃণমূল নেতা সুজিত বসু। সাড়ে ১০ ঘণ্টা জেরার পরে রাত ৯টার একটু পরে সুজিতকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় ইডি। এখনও পর্যন্ত তাঁর ছেলে সমুদ্র বসুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন সুজিত বসুর আইনজীবী।

ইডি জানিয়েছে, দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালীন লাগাতার দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। কারোর থেকে টাকা নিয়েছেন। আবার কেউ দিয়েছেন জমি। তার বিনিময়ে পুরসভায় চাকরি দেওয়া হয়েছে। মোট ১৫০ জনকে বেআইনি ভাবে নিয়োগ করা হয়েছে। শুধু তাই নয়, রাজ‍্যের মন্ত্রী হওয়ার ১৭টি পুরসভায় প্রায় ১ হাজার জনকে বেআইনি ভাবে চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ইডির একটি সূত্র জানিয়েছে, লেকটাউন এলাকায় একটি জমি নেওয়া হয়েছিল। সেই জমিতে সুজিত বসুর পরিবারের লোকেদের নামে বেআইনি ভাবে বাড়ি তৈরি করা হয়েছে। অথচ জমির মূল‍্য মালিককে দেওয়া হয়নি। বদলে একই পরিবারের চার জনকে চাকরি দেওয়া হয়েছে। ইডি মনে করছে, জমি হস্তান্তর হল। কিন্তু টাকার লেনদেন হল না। বদলে মিলল পুরসভায় চাকরি। ইডি ইতিমধ্যেই ১৫০ জনকে চিহ্নিত করেছে। গোটা দুর্নীতিটা সামনে হয়েছে। সুজিত বসুর গোটা বিষয়টি নিয়ে ওয়াকিবহাল রয়েছেন বলে দাবি করা হয়েছে।

ইডি সূত্রে আরও দাবি করা হয়েছে, এ দিন জিজ্ঞাসাবাদের সময় কয়েকটি নথি তৃণমূল নেতা সুজিত বসুর সামনে রাখা হয়। তা নিয়ে সুজিত বসু সঠিক উত্তর ইডি আধিকারিকদের দিতে পারেননি। তাঁর বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ থাকা সত্ত্বেও বদলে যে উত্তর তিনি দিয়েছেন তা কার্যত বিভ্রান্তিকর। তাই তিনি ইডির তদন্তে সহযোগিতা করেননি। তাই তাঁকে গ্রেফতার করা হয়েছে।

জানা গিয়েছে, তাঁর ইতিমধ্যেই শারীরিক পরীক্ষা করা হয়েছে। তাঁকে রাতে ইডির হেফাজতে রাখা হবে। আগামীকাল, মঙ্গলবার সকালে আবার শারীরিক পরীক্ষা করা হবে। তারপরে কলকাতার বিচারভবনে বিশেষ আদালতে হাজির করানো হবে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে তদন্তের স্বার্থে ইডি নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করতে পারে বলে জানা গিয়েছে।


Share