Supreme Court

জেলমুক্তির অপেক্ষা আরও ১৫ দিন! সুজিত বসুর জামিনের আবেদনের শুনানি পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট, ১৬ নভেম্বর পরবর্তী শুনানি

আদালত জানিয়ে দিয়েছে, আগামী ১৬ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে। একই সঙ্গে তদন্তকারী সংস্থা ইডি-কে নোটিস জারির নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে জামিনের জন্য আরও ১৫ দিন অপেক্ষা করতে হবে প্রাক্তন মন্ত্রীকে।

সুজিত বসু।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৬ ১১:১৪

পুরনিয়োগ দুর্নীতি মামলায় আপাতত জেলমুক্তি হচ্ছে না রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর। তাঁর জামিনের আবেদনের শুনানি পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার শীর্ষ আদালতে মামলাটি শুনানির জন্য উঠলেও তাৎক্ষণিক কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। আদালত জানিয়ে দিয়েছে, আগামী ১৬ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে। একই সঙ্গে তদন্তকারী সংস্থা ইডি-কে নোটিস জারির নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে জামিনের জন্য আরও ১৫ দিন অপেক্ষা করতে হবে প্রাক্তন মন্ত্রীকে।

পুরনিয়োগ দুর্নীতি মামলায় গত ১১ মে সুজিত বসুকে গ্রেফতার করেছিল ইডি। তদন্তকারীদের অভিযোগ, দক্ষিণ দমদম পুরসভায় বেআইনিভাবে চাকরিপ্রাপকদের নাম সুপারিশ করার ঘটনায় তাঁর ভূমিকা রয়েছে। গ্রেফতারির পর জামিন চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন মন্ত্রী। প্রথমে মামলাটি বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে ওঠে। গত ১৭ অগস্ট শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিলেন তিনি। পরবর্তী সময়ে বিচারপতি শুভ্রা ঘোষ মামলা থেকে অব্যাহতি নেওয়ায় মামলাটি যায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে।

গত ১৩ অক্টোবর সুজিতের জামিনের আবেদন খারিজ করে দেন বিচারপতি ঘোষ। তাঁর পর্যবেক্ষণ ছিল, তদন্তের বর্তমান পরিস্থিতিতে প্রাক্তন মন্ত্রীকে জামিন দেওয়া সম্ভব নয়। হাই কোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই গত ১৫ অক্টোবর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সুজিত। মঙ্গলবার বিচারপতি এম এম সুন্দ্রেশ এবং বিচারপতি প্রসন্ন বি বরলের বেঞ্চে মামলাটি ওঠে। কিন্তু শুনানি ১৫ দিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় শীর্ষ আদালত। ফলে আপাতত জেলেই থাকতে হচ্ছে রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে। আগামী ১৬ নভেম্বরের শুনানির দিকেই এখন নজর থাকবে।


Share