Anti Corruption Branch

ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সাব রেজিস্ট্রি অফিসের আধিকারিক, ২০ হাজার টাকা উদ্ধার করল দুর্নীতি দমন শাখা

ফেনলপথ‍্যালিন মেশানো টাকা নেওয়ার পরে সেই হাত জলে দিতেই গোলাপি রঙ ধারণ করে। ঘুষ নেওয়ার অভিযোগ প্রতিষ্ঠা হতেই তাঁকে গ্রেফতার করা হয়। এই চক্রের আরও কেউ জড়িত রয়েছে কি না তা নিয়ে তদন্ত করেছে দুর্নীতি দমন শাখার গোয়েন্দারা।

ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেফতার রেজিস্ট্রি অফিসের আধিকারিক।
নিজস্ব সংবাদদাতা, উলুবেড়িয়া
  • শেষ আপডেট: ৩১ আগস্ট ২০২৬ ০৯:০৬

ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেফতার রেজিস্ট্রি অফিসের আধিকারিক। দুর্নীতি দমন শাখার হাতে তিনি গ্রেফতার হয়েছেন। হাওড়ার উলুবেড়িয়া থেকে ওই আধিকারিককে গ্রেফতার করা হয়েছে। ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় তাঁকে হাতেনাতে দুর্নীতি দমন শাখার আধিকারিকেরা গ্রেফতার করেছে।

দুর্নীতি দমন শাখা জানিয়েছে, সোমবার হাওড়ার উলুবেড়িয়ার রেজিস্ট্রি অফিসে অভিযান চালানো হয়। সূত্রের খবর, বেশ কয়েক দিন ধরেই ওই দফতর থেকে টাকা নিয়ে কাজ করিয়ে দেওয়ার অভিযোগ আসছিল। সেই মতোই পরিকল্পনা করে দুর্নীতি দমন শাখার আধিকারিকেরা ফাঁদ পাতে। সাধারণ মানুষ সেজে ওই দফতরে কর্মরত এক আধিকারিককে ২০ হাজার টাকা দেয়। টাকা নেওয়ার পরেই নিজের পরিচয় তাঁরা দেন। ফেনলপথ‍্যালিন মেশানো টাকা নেওয়ার পরে সেই হাত জলে দিতেই গোলাপি রঙ ধারণ করে। ঘুষ নেওয়ার অভিযোগ প্রতিষ্ঠা হতেই তাঁকে গ্রেফতার করা হয়। এই চক্রের আরও কেউ জড়িত রয়েছে কি না তা নিয়ে তদন্ত করেছে দুর্নীতি দমন শাখার গোয়েন্দারা।

এ রাজ্যে নতুন সরকার আসার পর হাতেনাতে ঘুষ নিতে গিয়ে বেশ কয়েক জন গ্রেফতার হয়েছেন। সেই তালিকায় রয়েছেন পুলিশের কনস্টেবল এবং আধিকারিকেরাও রয়েছেন। গত কয়েক দিন আগে ঝাড়গ্রাম থানার কনস্টেবলকে গ্রেফতার করা হয়। অভিযোগ, তিনি বালির গাড়ি থেকে টাকা তুলতেন। তাঁর কাছ থেকে পাঁচ লক্ষ ৫৪ হাজার টাকা উদ্ধার করে দুর্নীতি দমন শাখা। তারও আগে হাওড়ার ব‍্যাঁটরা থানার এক সাব ইনস্পেক্টরকে দুর্নীতি দমন শাখা হেফাজতে নিয়েছে।

গত সপ্তাহে লালবাজারে একটি অনুষ্ঠানে এসে রাজ‍্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “পুলিশকে সর্বদা ভারতীয় ন‍্যায় সংহিতা মেনেই কাজ করতে হবে। তিনি মনে করেন, পুলিশকর্মীদের লোভ সংবরণ করতে হবে। তা করলেই দুর্নীতি কমে যাবে। এর ফলে সরকারেরও সুনাম হবে। পুলিশ এবং সর্বোপরি সরকারের ভাবমূর্তি স্বচ্ছ হবে।


Share