NEET Paper Leak Case

রাজ‍্যের অশান্তি পাকালে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি, প্রশ্নফাঁস কান্ডে পাল্টা মাঠে নামল বিজেপি, সাংবাদিক বৈঠকে জানালেন রাজ‍্যের মন্ত্রী তাপস

তাপস রায় আরও বলেন, “ইন্ডি জোট সারা দেশ তথা পশ্চিমবঙ্গকে অশান্ত করার চেষ্টা করেছিল। দু’মাস আগে পশ্চিমবঙ্গবাসী এর থেকে পরিত্রাণ পেয়েছেন। আবার সেই একই কাজে এরা নেমে পড়েছে। যা আমরা হতে দেব না।”

রাজ‍্যের অশান্তি পাকালে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন তাপস রায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৬ ০৯:২১

প্রশ্নফাঁস কাণ্ডে এ বার পাল্টা মাঠে নামল বিজেপি। দিল্লিতে কমিউনিস্টদের সমর্থিত ককরোচ জনতা পার্টির ‘তথাকথিত’ আন্দোলন ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছে। শুক্রবার দুপুরে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই মিছিলের ডাক দিয়েছে। এ দিন সাংবাদিক বৈঠক করে তাঁদের সতর্ক করে দিয়েছে সরকার। রাজ‍্যের মন্ত্রী তাপস রায় জানান, এই রাজ‍্যে যদি অশান্তি পাকানোর চেষ্টা করা হয় তাহলে সরকার কঠোর ব্যবস্থা নেবে। তার জন‍্য পুলিশ প্রশাসন প্রস্তুত রয়েছে। বিজেপির অভিযোগ, এই আন্দোলন রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য হচ্ছে। পাশাপাশি কংগ্রেস এবং অবিজেপি সরকারের আমলে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের পরিসংখ্যান দেন রাজ‍্যের মন্ত্রী তাপস রায়।

মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে দিল্লিতে আন্দোলন করছে ককরোচ জনতা পার্টি। তা নিয়ে গত সোমবার থেকে একাধিক বার রণক্ষেত্রের চেহারা নেয় রাজধানী। পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনায় একাধিক পুলিশকর্মী জখম হয়েছেন। ইতিমধ্যেই ঘটনায় বিদেশি শক্তির হাত রয়েছে বলে অভিযোগ উঠেছে। তা নিয়ে দিল্লি হাই কোর্টে মামলা দায়ের হয়েছে।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এখনও আন্দোলনকারীরা অনড় রয়েছে। সেই আন্দোলনকে সমর্থন জানিয়ে শুক্রবার দুপুরে কলকাতায় মিছিল করার ডাক দিয়েছে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই। তারা রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল করবে বলে জানানো হয়েছে।

এই বিষয় নিয়ে সল্টলেকের রাজ‍্য বিজেপির দফতরে সাংবাদিক বৈঠক করে বিজেপি। সেই বৈঠক থেকে রাজ্যের মন্ত্রী তাপস রায়ের কথায়, প্রশ্নফাঁস কাণ্ডে ইতিমধ্যেই ভারত সরকার কঠোর পদক্ষেপ করেছে। তার পরেও অশান্তি পাকানোর ছক কষা হচ্ছে। দক্ষিণ এশিয়ার কিছু জায়গায় যে রকম পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল, সেই রকম পরিস্থিতি এখানেও তৈরি করার চেষ্টা করা হচ্ছে। বিদেশ থেকে টাকা আসছে। পশ্চিমবঙ্গে এমন কোনও ঘটনা সরকার ঘটতে দেবে না। তার জন‍্য পুলিশ প্রশাসন প্রস্তুত আছে।

তাপস রায় বলেন, “মধ‍্যপ্রাচ‍্য, পড়শি দেশগুলি থেকে টাকা ঢুকছে। পরীক্ষায় ১০ নম্বর পাবে না এমন এমডি-এমএস পাশ করা এমন লোকেরা গিয়েছে। ২৬ হাজার মেধা গড়াগড়ি খাচ্ছে। তারা বেশি ভাগই মেধাবী। টাকা দিয়ে চাকরি বিক্রি হয়েছে। তৃণমূল সরকার থাকাকালীন সাতবার প্রশ্নফাঁস হয়েছে। এটা কোনও নতুন ঘটনা নয়। তবে দুর্ভাগ্যজনক।” তাঁর বক্তব্য, মহুয়া মৈত্র টাকা নিয়ে প্রশ্ন করেন। তিনি সেখানে গিয়েছেন। উমর খালিদের মতো বিচ্ছিন্নতাবাদীকে সেই আন্দোলন থেকে সমর্থন করা হচ্ছে। যাঁরা আজাদির স্লোগান দেয়, হিন্দুদের হত‍্যা করে, পহেলগামের মতো ঘটনা ঘটায়, সেই সমস্ত জঙ্গিশক্তি এখানে কাজ করেছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, “ইন্ডি জোট সারা দেশ তথা পশ্চিমবঙ্গকে অশান্ত করার চেষ্টা করেছিল। দু’মাস আগে পশ্চিমবঙ্গবাসী এর থেকে পরিত্রাণ পেয়েছেন। আবার সেই একই কাজে এরা নেমে পড়েছে। যা আমরা হতে দেব না।”

শুধু নিট নয়, সব পরীক্ষার প্রশ্নফাঁস নিয়েই আলোচনা দরকার, দাবি বিজেপির। কংগ্রেসি এবং অবিজেপি শাসনে কত প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে, তার হিসাবও দিয়েছেন তাপস। বলেছেন, “ইউপিএ সরকারের আমলে শিক্ষার বাজেট ছিল ৮২০০ কোটি। বর্তমান সরকার শিক্ষা খাতে ১ লক্ষ ৩৯ হাজার কোটি টাকা খরচ করছে। রাজ্যের মানুষকে বলব, দু’মাস আগে আপনারা পশ্চিমবঙ্গকে সর্বনাশের হাত থেকে বাঁচিয়েছেন। এ বারও চক্রান্ত ব‍্যর্থ করুন। নতুন করে অশান্তি করার সুযোগ আমরা দেব না।”

দিল্লির বিক্ষোভ থেকে দেশবিরোধী চক্রান্তের অভিযোগ প্রসঙ্গে দেবজিৎ জানিয়েছেন, ওই আন্দোলনের সঙ্গে নিট পরীক্ষার আর কোনও সম্পর্ক নেই। কারণ, সেখানে গাড়ির তেলের ট্যাঙ্ক খুলে তার মধ্যে জ্বলন্ত দেশলাই ফেলা হচ্ছে। সাংবাদিকদের আক্রমণ করা হচ্ছে। তাঁর কথায়, “দিল্লিতে সাম্প্রদায়িক সংঘর্ষের সঙ্গে জড়িত উমর খালিদের মুক্তি চাওয়া হচ্ছে ওই আন্দোলন থেকে। কাশ্মীরে ৩৭০ ধারা ফেরানোর পক্ষে সওয়াল হচ্ছে। হিন্দু দেবদেবীর নামে, রামের নামে খারাপ কথা বলা হচ্ছে। এর সঙ্গে ছাত্র আন্দোলন বা প্রশ্ন ফাঁসের কী সম্পর্ক?”


Share