Calcutta High Court

ডিসেম্বরে পুরভোটের প্রস্তুতি, তার আগেই ইভিএম-সংকটে রাজ্য নির্বাচন কমিশন, হাই কোর্টে দ্রুত মামলার নিষ্পত্তির আর্জি

তাঁর বক্তব্য, মামলাগুলির নিষ্পত্তি হলে সংরক্ষিত থাকা বেশ কিছু ইভিএম ফের হাতে পাবে রাজ্য নির্বাচন কমিশন। ফলে আগামী পুরনিগম নির্বাচনের জন্য ইভিএমের ঘাটতিও কিছুটা মেটানো সম্ভব হবে।

কলকাতা হাই কোর্ট।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২০ আগস্ট ২০২৬ ০১:১৪

আগামী ডিসেম্বর মাসে রাজ্যের পুরনিগমগুলিতে নির্বাচন হতে পারে। তার আগে রাজ্য নির্বাচন কমিশন ইভিএম-সংকটে পড়েছে। ভোট পরিচালনার জন্য প্রয়োজনীয় সংখ্যক ইভিএম বর্তমানে কমিশনের হাতে নেই। বৃহস্পতিবার কমিশন এই বিষয়টি কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করে।

বিচারাধীন একাধিক মামলার সূত্রে হাই কোর্ট কয়েকটি অঞ্চলের ইভিএম সংরক্ষণের নির্দেশ দিয়েছিল। এ দিন কমিশনের আইনজীবী সপ্তাংশু বসু ওই মামলাগুলির দ্রুত নিষ্পত্তির আর্জি জানান। তাঁর বক্তব্য, মামলাগুলির নিষ্পত্তি হলে সংরক্ষিত থাকা বেশ কিছু ইভিএম ফের হাতে পাবে রাজ্য নির্বাচন কমিশন। ফলে আগামী পুরনিগম নির্বাচনের জন্য ইভিএমের ঘাটতিও কিছুটা মেটানো সম্ভব হবে।

রাজ্য নির্বাচন কমিশনের আর্জির পরিপ্রেক্ষিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ জানায়, আগামী ১ সেপ্টেম্বর মামলাটির শুনানি হবে।

উল্লেখ্য, রাজ্যে বকেয়া পুরভোটের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। বছরের শেষেই কলকাতা পুরনিগমে ভোট হতে পারে বলে সম্ভাবনা তৈরি হয়েছে। একই সময়ে হাওড়াতেও নির্বাচন করার কথা রয়েছে। পরবর্তী পর্যায়ে রাজ্যের অন্যান্য পুরনিগম ও পুরসভাগুলিতেও ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ভোটের প্রাথমিক প্রস্তুতি শুরু হতেই ইভিএমের ঘাটতি নিয়ে চিন্তা বাড়ছে।

কমিশন সূত্রে জানা গিয়েছে, গত বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর থেকেই বিভিন্ন জেলার জেলাশাসকদের অধীনে বিপুল সংখ্যক ইভিএম পড়ে রয়েছে। নিয়ম অনুযায়ী, কোনও নির্বাচন সংক্রান্ত মামলা বিচারাধীন থাকলে আদালতের নির্দেশে সংশ্লিষ্ট কিছু ইভিএম আলাদা করে সংরক্ষণ করা হয়। পাশাপাশি, আইনি জটিলতার কারণেও বেশ কিছু ইভিএম দীর্ঘদিন ধরে জেলা প্রশাসনের হেফাজতে রয়েছে। কমিশনের দাবি, যে সমস্ত ইভিএম নিয়ে কোনও মামলা, আইনি জটিলতা বা আদালতের নিষেধাজ্ঞা নেই, সেগুলি আর আটকে না রেখে দ্রুত রাজ্য নির্বাচন কমিশনের হাতে ফিরিয়ে দেওয়া হোক।

অন্য দিকে, হাওড়া ও বালি পুরসভা নিয়েও নতুন করে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। দীর্ঘদিন প্রশাসকের মাধ্যমে পুর পরিষেবা ও প্রশাসনিক কাজ চলার পর এবার নির্বাচনের প্রস্তুতিতে জোর দেওয়া হচ্ছে। নবগঠিত সরকারও দ্রুত পুর নির্বাচন সম্পন্ন করতে আগ্রহী। কলকাতা পুরনিগমেও মেয়র পদে রদবদল এবং আসন পুনর্বিন্যাসের কাজ ইতিমধ্যেই গতি পেয়েছে।

তবে পর্যাপ্ত ইভিএম না মিললে পুরো নির্বাচনী প্রস্তুতিই বড় ধাক্কার মুখে পড়তে পারে। সেই কারণেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা বা চূড়ান্ত প্রস্তুতি শুরুর আগেই জেলাগুলিতে থাকা ইভিএমগুলি ফেরত পেতে রাজ্য নির্বাচন কমিশন আদালতের দ্বারস্থ হয়েছে। এখন নজর আগামী সপ্তাহের শুনানিতে। জেলায় আটকে থাকা ইভিএমগুলি শেষ পর্যন্ত কমিশনের হাতে ফিরবে, নাকি আইনি জটেই আটকে থাকবে পুরভোটের প্রস্তুতি—সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।


Share