SRFTI Clash

ভোরে এসআরএফটিআই ক্যাম্পাসে ৩০০-র বেশি পুলিশের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল পড়ুয়াদের ধর্নামঞ্চ

শুধু তাই নয়, বিক্ষোভস্থলে থাকা আসবাবপত্র-সহ বিভিন্ন সামগ্রী দু’টি ছোট পিক-আপ ভ্যানে চাপিয়ে ক্যাম্পাসের বাইরে নিয়ে যাওয়া হয়েছে বলেও দাবি পড়ুয়াদের। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের বিরুদ্ধে বলপ্রয়োগ, মারধর এবং ছাত্রীদের হেনস্থার অভিযোগ উঠেছে।

ফের উত্তপ্ত সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট ক্যাম্পাস।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৬ ১১:৪২

ফের উত্তপ্ত সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই) ক্যাম্পাস। শনিবার ভোরে তিনশোরও বেশি পুলিশকর্মী ক্যাম্পাসে ঢুকে আন্দোলনরত পড়ুয়াদের ধর্নামঞ্চ ভেঙে দিয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, বিক্ষোভস্থলে থাকা আসবাবপত্র-সহ বিভিন্ন সামগ্রী দু’টি ছোট পিক-আপ ভ্যানে চাপিয়ে ক্যাম্পাসের বাইরে নিয়ে যাওয়া হয়েছে বলেও দাবি পড়ুয়াদের। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের বিরুদ্ধে বলপ্রয়োগ, মারধর এবং ছাত্রীদের হেনস্থার অভিযোগ উঠেছে।

পড়ুয়াদের দাবি, শনিবার সকাল ৬টা নাগাদ মুখ কাপড়ে ঢাকা অবস্থায় বিশাল পুলিশবাহিনী ক্যাম্পাসে প্রবেশ করে। এরপর পুলিশের উপস্থিতিতেই ধর্নামঞ্চে থাকা সমস্ত আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী সরিয়ে ফেলা হয়। আন্দোলনকারীদের দাবি, ওই সামগ্রীগুলি প্রতিষ্ঠানেরই সম্পত্তি। তা সত্ত্বেও সেগুলি দু’টি ছোট পিক-আপ ভ্যানে তুলে ক্যাম্পাসের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। উল্লেখ্য, ধর্নামঞ্চ খুলে ফেলার নির্দেশ আগেই দিয়েছিল আদালত। পুলিশের বক্তব্য, আদালতের নির্দেশ এবং ইনস্টিটিউট কর্তৃপক্ষের আবেদনের ভিত্তিতেই ক্যাম্পাসে প্রবেশ করা হয়েছে।

তবে মঞ্চ ভাঙার প্রতিবাদে পড়ুয়াদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয় বলে অভিযোগ। আন্দোলনকারীদের দাবি, শান্তিপূর্ণভাবে ধর্নায় বসে থাকা একাধিক ছাত্রছাত্রীকে টেনেহিঁচড়ে সরিয়ে দেওয়া হয়। ছাত্রীদের সঙ্গেও দুর্ব্যবহার ও টানাহিঁচড়া করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার ছবি ও ভিডিও তুলতে গেলে কয়েকজন পড়ুয়ার মোবাইল ফোন কেড়ে নেওয়ারও চেষ্টা করা হয় বলে দাবি।

পড়ুয়াদের আরও অভিযোগ, সকাল সাড়ে ৭টা পর্যন্ত গোটা ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। হস্টেল থেকে বেরিয়ে মূল গেটের দিকে যাওয়া কিংবা ক্যাম্পাসের বাইরে বেরোনোর ক্ষেত্রেও বাধা দেওয়া হচ্ছে। ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন থাকায় নিজেদের মধ্যে যোগাযোগ করতেও সমস্যায় পড়ছেন তাঁরা।

এদিকে, ক্যাম্পাসের বাইরে রয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। গোটা পরিস্থিতি ঘিরে উত্তেজনা এখনও অব্যাহত। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত এসআরএফটিআই কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর থেকে পড়ুয়াদের আন্দোলন এবং কর্তৃপক্ষের সঙ্গে সংঘাতকে কেন্দ্র করে ইনস্টিটিউটের পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে। পরিস্থিতির জেরে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত পঠনপাঠন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তার মধ্যেই শনিবার ভোরে পুলিশের এই অভিযানকে কেন্দ্র করে নতুন করে অশান্তি ছড়াল ক্যাম্পাসে।


Share